
গুলশানে জঙ্গি হামলায় সম্পৃক্ত ও তাদের মদদদাতাদের ধরে শাস্তি দেওয়া কঠিন হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আজকে যেহেতু আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আমরা পেয়েছি এবং সকলে যৌথভাবে সন্ত্রাস, জঙ্গিবাদ মোকাবিলার জন্য একতাবদ্ধ,
সেহেতু এগুলো খুঁজে বের করা খুব বেশি কঠিন হবে না। এটা সময়ের ব্যাপার মাত্র।’
গতকাল বুধবার জাতীয় সংসদে সাংসদ গোলাম দস্তগীর গাজীর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রত্যয় ব্যক্ত করেন।
জঙ্গি হামলার বিষয়ে শেখ হাসিনা বলেন, যারা এর সঙ্গে জড়িত, তাদের বিষয়ে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের কয়েকজন ওই দিনই মারা গেছে, বাকি কয়েকজনকে শনাক্ত করতে ও ধরতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
র্যাবের প্রকাশ করা সন্দেহভাজন জঙ্গিদের তালিকা ও ভিডিও প্রকাশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘বেশ কিছু মানুষের ছবি যারা শনাক্ত করতে পারবেন, তাঁরা যেন তথ্যগুলো জানান। জানালে যারা এর সঙ্গে জড়িত তাদের তো ধরা যাবেই, পাশাপাশি পর্দার আড়ালে যারা, যারা এর মদদদাতা, যারা পরিকল্পনাকারী, যারা প্রশিক্ষণ প্রদান করছে, যারা
অর্থ দিচ্ছে, তাদেরও খুঁজে বের করতে হবে। তারা আমাদের দেশের হোক বিদেশের হোক, তাদের খুঁজে বের করা অবশ্যই কর্তব্য। আমি বিশ্বাস করি, এদের আমরা ধরতে পারব এবং উপযুক্ত শাস্তি দিতে পারব।’
প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা থাকার মধ্যেও তিনি সরকার গঠনের পর বাংলাদেশ দ্রুতগতিতে এগিয়ে গেছে। সারা বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। কিন্তু ২০১৫ সালে বাসে আগুন, রেলগাড়িতে আগুন, মানুষ পুড়িয়ে মারা; ২০১৪ সালে নির্বাচন বন্ধের নামে যে সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়েছে, মানুষ হত্যা করা হয়েছে, সবগুলোতে বাংলাদেশের ভাবমূর্তি প্রশ্নের সম্মুখীন হয়েছে।
আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘তবে আমরা সুশাসন প্রতিষ্ঠা করছি, সুষ্ঠু ব্যবস্থাপনা করেছি, যার ফলে অতি অল্প সময়ে এই অবস্থার মোকাবিলা করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হয়েছি, বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে যাতে আস্থা, বিশ্বাস সৃষ্টি হয়।’
শেখ হাসিনা আরও বলেন, গুলশানে হামলার পর বিদেশি বন্ধুরাষ্ট্রগুলো নিন্দা জানিয়েছে। তারা বাংলাদেশের পাশে আছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় সহযোগিতার আশ্বাস দিয়েছে। এসব হামলাকারী বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
সরকারি দলের এম আবদুল লতিফের এক প্রশ্নের জাবাবে প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরও বাড়াতে খসড়া জাতীয় কৌশলপত্র তৈরি করা হয়েছে। এটি বর্তমানে সরকারের অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। কৌশলপত্রটি অনুমোদন পেলে এর যথাযথ প্রয়োগের মাধ্যমে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের আরও সুযোগ বৃদ্ধির সম্ভাবনা উন্মোচিত হবে।
এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও জানান, এ পর্যন্ত ৪০টি দেশে মোট ৫৫টি মিশনে সেনা, নৌ, বিমানবাহিনী, পুলিশ, বিজিবি এবং আনসার ও ভিডিপির ১ লাখ ৪৫ হাজার ২২৯ জন সদস্য অংশ নিয়েছেন। বর্তমানে পুলিশের ১ হাজার ১২৭ জন ও সশস্ত্র বাহিনীর ৭ হাজার ৩৫০ জন শান্তিরক্ষী বিভিন্ন দেশে মোতায়েন রয়েছেন।
জাতীয় পার্টির ফখরুল ইমামের আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে রেলওয়েতে প্রায় ৮৬ হাজার কোটি টাকার ৪৩টি প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পে চলতি ২০১৬-১৭ অর্থবছরে ৯ হাজার ১১৪ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
ভোলা-২ আসনের সাংসদ আলী আজমের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, দেশে বর্তমানে ২ লাখ ৮০ হাজার গৃহহীন পরিবার রয়েছে। আগামী ২ বছর ৮ মাসের মধ্যে এসব গৃহহীন পরিবারকে পুনর্বাসনের কার্যক্রম সম্পন্ন করা হবে।
১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত ১ লাখ ৪০ হাজার পরিবারকে খাসজমিতে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে বলে সংসদনেতা জানান।
প্রশ্নোত্তরের আগে বিকেল সাড়ে পাঁচটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।