জঙ্গি মাজেদ ভাট রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গুলশান সেন্টারে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর গ্রেনেড হামলা মামলার অধিকতর তদন্তে নতুন মোড় নিয়েছে। কাশ্মীরি নাগরিক জঙ্গিনেতা মাজেদ ভাটকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল মঙ্গলবার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালত সূত্র জানায়, সিলেটের মুখ্য বিচারিক হাকিম আবু সৈয়দ মো. দিলজার হোসেনের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রওনকুল হক চৌধুরী মাজেদ ভাটের বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রওনকুল হক চৌধুরী জানান, মাজেদকে আদালতের নির্দেশে গতকাল থেকেই রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। মামলার সরকার পক্ষে সহকারী কৌঁসুলি (এপিপি) শামসুল ইসলাম প্রথম আলোকে জানান, গ্রেনেড হামলার মদদদাতা চিহ্নিত করতে আদালত সিআইডিকে পুনঃ তদন্তের নির্দেশ দেন। সিআইডি তদন্তে নেমে মাজেদ ভাটের নাম পাওয়ায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করে। পরে আদালত তা মঞ্জুর করেন। ২০০৪ সালের ৭ আগস্ট গুলশান সেন্টারে আওয়ামী লীগের নেতা-কর্মীদের লক্ষ করে গ্রেনেড হামলা চালানো হয়। এতে সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোহামঞ্চদ ইব্রাহিম নিহত হন। আহত হন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিনসহ ৩৬ জন। এ মামলায় মুফতি হান্নানসহ হরকাতুল জিহাদের শীর্ষস্থানীয় নেতারা কারাগারে রয়েছেন। ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় মুফতি হান্নানের দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে গুলশান সেন্টারে গ্রেনেড হামলায় কাশ্মীরি জঙ্গি মাজেদ ভাটের নাম বেরিয়ে আসে।