জঙ্গি-মাদক অভিশাপ মুক্তি অভিযানে অপরাধী রক্ষার ওকালতি নয়: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসানুল হক ইনু । ফাইল ছবি
হাসানুল হক ইনু । ফাইল ছবি

জঙ্গি ও মাদকের অভিশাপ থেকে সমাজ ও রাজনীতিকে নিরাপদ করার অভিযানকে প্রশ্নবিদ্ধ করে অপরাধীদের রক্ষার ওকালতি চলবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার বিশ্ব তামাকমুক্ত দিবস উদ্‌যাপন উপলক্ষে রাজধানীর বারডেম হাসপাতাল মিলনায়তনে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

জঙ্গি ও মাদক ব্যবসায়ীদের মানবরূপী দানব আখ্যা দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ১৬ কোটি মানুষের নিরাপদ ও সুস্থ জীবনযাপনের মানবাধিকার লঙ্ঘনকারী এ দানবদের কোনো ছাড় দেওয়া যায় না।

তথ্যমন্ত্রী বলেন, ‘একাত্তরের গণহত্যা, পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যা, অপারেশন ক্লিন হার্ট, একুশে আগস্টের গ্রেনেড হামলা ও আগুন–সন্ত্রাসের খুনিদের রক্ষার খলনায়ক জিয়া ও খালেদা জিয়া। আজও তাঁদের দলই জঙ্গি-মাদকবিরোধী অভিযানকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত। এ কারণে, খুনিদের কর্তৃত্ব ও পুনর্বাসনের অপরাজনীতি থেকে দেশকে উদ্ধারকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

এ সময় তামাক ও তামাকজাত পণ্যের ব্যবহারের কুফল বর্ণনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘তামাক চাষ নিষিদ্ধের জন্য আন্দোলন গড়তে হবে এবং নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এসব পণ্য যাতে সহজলভ্য না হয়, সে জন্য এদের ওপর কর বৃদ্ধি করা উচিত।’

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অরূপ রতন চৌধুরী সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এবং অন্যান্যের মধ্যে মানসের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান তালুকদার এবং ইব্রাহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিন আশরাফুল হক বক্তব্য দেন।

১৩ সংস্থার সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি
২০১৮-১৯ অর্থবছরে কর্মপরিকল্পনা নির্ধারণ করে দিয়ে তার অধীন ১৩ দপ্তর ও সংস্থার সঙ্গে ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (অ্যানুয়াল পারফরম্যান্স অ্যাগ্রিমেন্ট- এপিএ)’ স্বাক্ষর করেছে তথ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার সচিবালয়ে তথ্যসচিব আবদুল মালেকের সঙ্গে ১৩টি সংস্থার শীর্ষ কর্মকর্তারা চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষরের আগে তথ্যমন্ত্রী বার্ষিক কর্মসংস্থান চুক্তি পদ্ধতিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করে বলেন, ‘প্রত্যেক মন্ত্রণালয়কে জাতীয় বাজেটে যেসব লক্ষ্য নির্ধারিত হয়, তা অর্জন করার জন্য কর্মকৌশল তৈরি করে সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হতে হচ্ছে। এ চুক্তি স্বাক্ষরের ফলে লক্ষ্য অর্জনের পথে কোথাও অদক্ষতা, ঘাটতি বা গাফিলতি আছে কি না, তা সহজেই ধরা যায়।’

তথ্যমন্ত্রী বলেন, ‘এই চুক্তিতে লক্ষ্য অর্জনের কর্মপদ্ধতি ও সময় কাঠামো উল্লেখ থাকে এবং প্রতি অর্জনের জন্য নম্বর থাকে। ফলে সংস্থাগুলোর দক্ষতা বৃদ্ধিতে প্রণোদনা হিসেবে কাজ করে এ চুক্তি।’

‘চুক্তি সম্পাদনের পর থেকে চুক্তির নির্ঘণ্ট অনুযায়ী আপনারা কাজ করবেন এবং চুক্তির লক্ষ্য অর্জনে মন্ত্রণালয়কে সাহায্য করবেন। লক্ষ্যটাকে অর্জন করলেই যে স্বস্তির নিশ্বাস ফেলবেন তা ঠিক না, প্রয়োজনে নির্ধারিত লক্ষ্যের বেশিও করা যাবে’, সংস্থাপ্রধানদের নির্দেশনা দেন হাসানুল হক ইনু।

২০১৬-১৭ অর্থবছরের তথ্য মন্ত্রণালয়ের সম্পাদিত এপিএর ৯৩ দশমিক ৮৩ শতাংশ বাস্তবায়িত হয়েছে বলে জানান তথ্যসচিব।

তদারকি জোরদার হলে প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয় উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘যেসব প্রকল্পে ৮০-৯০ শতাংশ কাজ শেষ হয়েছে, সেগুলো যেন আগামী দু-তিন মাসের মধ্যে করতে পারি, নির্বাচনের আগে সব শক্তি নিয়োগ করে প্রকল্পের কাজ শেষ করতে হবে।’

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি করা সংস্থাগুলোর মধ্যে রয়েছে তথ্য অধিদপ্তর (পিআইডি), গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ প্রেস কাউন্সিল, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি), জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড, বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, বাংলাদেশ সংবাদ সংস্থা এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট।