জঙ্গি মামলাগুলো দেখভালে আইন মন্ত্রণালয় আলাদা একটি সেল গঠন করবে। জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই সম্মেলন গতকাল শুক্রবার শেষ হয়েছে। চার দিনে ১৮টি অধিবেশনে মোট ২৮৮টি প্রস্তাব উত্থাপন করা হয়। এগুলো পর্যালোচনা করে সরকারের সিদ্ধান্ত জেলা প্রশাসকদের জানিয়ে দেওয়া হবে বলে গতকাল সংবাদ ব্রিফিংয়ে জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
২৬ জুলাই শুরু হওয়া এই সম্মেলন সামনে রেখে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকেরা ৩৯টি মন্ত্রণালয় ও বিভাগ-সম্পর্কিত ৩৩৬টি প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছিলেন।
ব্রিফিংয়ের আগে জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, জেলা প্রশাসকেরা যদি মনে করেন জঙ্গি-সংশ্লিষ্ট মামলাগুলো বিচারের জন্য প্রসিকিউশন (সরকারি কৌঁসুলি) থেকে বিচার বিভাগকে ঠিকমতো সহায়তা করা হচ্ছে না, তাহলে তখনই তাঁরা বিষয়টি বিশেষ সেলকে জানাতে পারবেন। আইন মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
সম্মেলনকক্ষ থেকে বের হয়ে আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেই চেষ্টায় আমরা সবাই যেন যে যার অবস্থান থেকে শরিক হই।’ প্রধানমন্ত্রীর ১৯ দফা নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসকদের সজাগ থাকার আহ্বান জানান আইনমন্ত্রী। ২৬ জুলাই সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, নাগরিক সেবা, আইনশৃঙ্খলাসহ জেলা প্রশাসকদের ১৯টি করণীয় ঠিক করে সেগুলো গুরুত্বের সঙ্গে বাস্তবায়নের পরামর্শ দেন।
এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সরকারি আইনজীবী নিয়োগে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস বা ক্যারিয়ার সার্ভিস করার পরিকল্পনা সরকারের আছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। তবে একবারে এই সার্ভিস করা যাবে না, পর্যায়ক্রমে করা হবে।
আরেক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ভ্রাম্যমাণ আদালত আইনের সর্বশেষ সংশোধনী উচ্চ আদালতে রিট আবেদনের কারণে আটকে আছে।
গতকাল তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জঙ্গি দমন, টেকসই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার তিন ‘যুদ্ধে’ জয়ী হতে দৃঢ় ভূমিকা পালনের জন্য জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে জঙ্গি দমন ‘যুদ্ধের’ দর্শনগত রূপরেখাও দেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্র ও জাতির ওপর জঙ্গিদের চাপিয়ে দেওয়া যুদ্ধে জয়ী হতে জাতীয় চার মূলনীতি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এবং সংবিধান নির্দেশিত পথে জেলা প্রশাসকদের দৃঢ় ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জেলা প্রশাসকদের জঙ্গি দমন, উন্নয়ন ও সুশাসনের যুদ্ধে যথাযথ ভূমিকা রাখা তার সাংবিধানিক কর্তব্য।
সম্মেলনের শেষ দিনে সকালের অধিবেশনে ধর্মমন্ত্রী মতিউর রহমান, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, উপমন্ত্রী আরিফ খান জয়, তথ্যসচিব মরতুজা আহমদ, যুব ও ক্রীড়াসচিব কাজী আখতার উদ্দিন আহমেদ, সংস্কৃতিসচিব আক্তারী মমতাজ নিজ নিজ দপ্তরের বিষয়ে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় করেন।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর তাঁর বক্তব্যের শেষে ‘গুলশান হত্যাকাণ্ডে নিহত ইতালীয় নাগরিক অন্তঃসত্ত্বা নারী সিমোনে মন্তির অনাগত শিশু মাইকেল অ্যাঞ্জেলো স্মরণে’ কবি তারিক সুজাত রচিত কবিতা ‘জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন’ আবৃত্তি করেন।
পৃথক আরেকটি অধিবেশনে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ঠেকাতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। কার্য অধিবেশন শেষে নৌ পরিবহনমন্ত্রী সাংবাদিকদের বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর গতিপ্রবাহ বিঘ্নিত হওয়ার পাশাপাশি নদীর পাড় ও বাড়িঘর ভেঙে যাচ্ছে এবং নদীর স্থিতিশীলতা নষ্ট হচ্ছে।
শাজাহান খান বলেন, বিআইডব্লিউটিএর পক্ষ থেকে নদী সার্ভে করে কোন জায়গা থেকে বালু উত্তোলন করা যায় তা বলার পরেই বালু উত্তোলন করা যাবে, অন্যথায় বালু উত্তোলন করা যাবে না।