জঙ্গি মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল আগামী মাসে
জঙ্গিদের বিরুদ্ধে হওয়া মামলার বিচার করা হবে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে। আগামী মাস থেকে ঢাকা ও চট্টগ্রামে এই বিশেষ ট্রাইব্যুনাল কাজ শুরু করবেন। পর্যায়ক্রমে অন্যান্য জেলাতেও এই ট্রাইব্যুনাল করা হবে। ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে প্রশাসনের সচিব কমিটি।
আইনমন্ত্রী আনিসুল হক প্রথম আলোকে বলেছেন, জঙ্গিদের মামলার বিচারের ব্যাপারে বিশেষ ব্যবস্থা হিসেবে এ বিশেষ ট্রাইব্যুনাল করা হবে। তবে জঙ্গি ও জঙ্গিবাদীদের মামলার বিচারের জন্য বাংলাদেশে যথেষ্ট আইন আছে। তাদের বিচারের জন্য নতুন কোনো আইন প্রণয়নের প্রয়োজন হবে না। তিনি বলেন, যারা এসব অপরাধে অপরাধী, তাদের দেশে বিদ্যমান আইন যেমন সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন এবং দণ্ডবিধি অনুযায়ী বিচার করা হবে।
বর্তমানে দ্রুত বিচার ট্রাইব্যুনালে জঙ্গিদের বিচার করা হলেও সেখানে বিচার-প্রক্রিয়া ত্বরান্বিত হচ্ছে না। ফলে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল আগামী মাস থেকে ঢাকা ও চট্টগ্রামে কাজ শুরু করবে। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ২৮ ধারায় এক বা একাধিক ‘সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল’ গঠন করার বিধান রয়েছে। ওই ধারায় উল্লেখ আছে, একজন দায়রা জজ অথবা অতিরিক্ত দায়রা জজের সমন্বয়ে এই বিশেষ ট্রাইব্যুনাল গঠিত হবে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সরকার ওই দায়রা জজ অথবা অতিরিক্ত দায়রা জজ নিযুক্ত করবে।
২০০৯ সালে প্রণীত সন্ত্রাসবিরোধী আইনটি জামিন অযোগ্য, কম সময়ে বিচার এবং মৃত্যুদণ্ড বা যাবজ্জীবনের বিধান রেখে প্রণীত। এ আইনে দায়ের করা মামলার অনুমোদনের জন্য জেলা প্রশাসক থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত যেতে হয়। মামলা তদন্তের মেয়াদ আইন দিয়ে নির্দিষ্ট করা আছে প্রথমে ১৫ দিন, এরপর ৩০ দিন। সুনির্দিষ্ট কারণে এটা ৭৫ দিন পর্যন্ত হতে পারে। আবার এ মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলেছে, জঙ্গিদের বিরুদ্ধে মামলা ছাড়াও এই ট্রাইব্যুনালে হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে করা মামলা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলাকারীদের বিরুদ্ধে মামলার দ্রুত নিষ্পত্তি করা হবে। প্রধানমন্ত্রী দ্রুত এসব মামলা নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন এবং অভিযোগপত্র দিতে বলেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সূত্র জানায়, ২০১২ সালের নভেম্বর থেকে এ ট্রাইব্যুনাল গঠনে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়কে চাপ দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব অর্থ বিভাগে বিশেষভাবে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন।
সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান গতকাল প্রথম আলোকে বলেন, জঙ্গিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হচ্ছে। ২০০৯ সালে এ আইন প্রণয়ন করা হলেও ২০১২ সালে উদ্যোগ নেওয়া হয় বিশেষ ট্রাইব্যুনাল গঠনের।