জঙ্গি মারজানের বোন খাদিজার তিন দিনের রিমান্ড
যশোরে তিন শিশু সন্তানসহ আটক ‘জঙ্গি’ খাদিজা আকতারকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। দুই দফা রিমান্ড শুনানির তারিখ পেছানোর পর আজ সোমবার সকালে যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম বুলবুল ইসলাম শুনানি শেষে এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
খাদিজা রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় জড়িত ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত জঙ্গি নূরুল ইসলাম মারজানের বোন। একই সঙ্গে তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবির সামরিক শাখার দক্ষিণাঞ্চলের প্রধান হাদিছুর রহমান ওরফে সাগর ওরফে মশিউর রহমানের স্ত্রী।
স্বামী ও তিন সন্তান নিয়ে খাদিজা যশোর শহরের ঘোপ নওয়াপাড়া সড়কে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে গত ৯ অক্টোবর রাত দুইটা থেকে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া সড়কে ওই ভবনের চারপাশে পুলিশ অবস্থান নিয়ে ‘অপারেশন মেল্টেড আইস’ নামে অভিযান শুরু করে। পরদিন বিকেল সোয়া পাঁচটায় তিন সন্তানসহ খাদিজা আত্মসমর্পণ করেন। ওই দিনই পুলিশ বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে কোতোয়ালি থানায় মামলা করে।
জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ পরদিন খাদিজাকে আদালতে পাঠায়। আদালত ওই দিন রিমান্ড শুনানি না করে ১৯ অক্টোবর দিন ধার্য করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১৯ অক্টোবর আসামি পক্ষে কোনো আইনজীবী না থাকায় আদালত ২৩ অক্টোবর রিমান্ড শুনানির পরবর্তী দিন ধার্য করেন। দুই দফায় সময় পেছানোর পর আজ আদালত তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এ ব্যাপারে যশোর আদালত পুলিশের পরিদর্শক রোকসানা খাতুন বলেন, ‘খাদিজাকে আজ আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।’