জঙ্গি মারজান-সাদ্দামের লাশ 'অজ্ঞাতপরিচয়' হিসেবে দাফন
রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার অন্যতম ‘অপারেশন কমান্ডার’ নুরুল ইসলাম মারজান ও তাঁর সহযোগী সাদ্দাম হোসেনের লাশ ‘অজ্ঞাতপরিচয়’ হিসেবে গতকাল রোববার জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। গত ৫ জানুয়ারি ভোরে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন এ দুজন। এরপর লাশ দুটি পুলিশের হেফাজতে ঢাকা মেডিকেল কলেজের মর্গের হিমঘরে রাখা ছিল।
এর আগে হলি আর্টিজানে নিহত পাঁচ জঙ্গিসহ ছয়জন, কল্যাণপুরে অভিযানে নিহত নয়জন, নারায়ণগঞ্জে নিহত তামিম চৌধুরীসহ তিনজন, আশুলিয়ায় র্যাবের অভিযানে নিহত সারোয়ার জাহানসহ সাম্প্রতিক অভিযানে নিহত জঙ্গিদের লাশগুলো ‘অজ্ঞাতপরিচয়’ হিসেবে জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এঁদের নাম-পরিচয় জানা গেলেও নিয়মানুযায়ী নিকটাত্মীয়-স্বজনদের কেউ লাশ সশরীরে এসে শনাক্ত না করায় অজ্ঞাত হিসেবেই এঁদের দাফন করা হয়েছে।
এর আগে হলি আর্টিজানে নিহত জঙ্গিদের অন্তত দুজনের স্বজনেরা দাবি করেছিলেন, তাঁরা লাশ চেয়েও পাননি।
গতকাল সকাল ১০টার দিকে মারজান ও সাদ্দামের লাশ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।