জঙ্গি মাহফুজের দুই দিনের রিমান্ড
গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারী ও গ্রেনেড সরবরাহকারী জঙ্গি সোহেল মাহফুজের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চাঁপাইনবাবগঞ্জে ‘অপারেশন ইগল হান্ট’-এ চার জঙ্গি নিহত হওয়ার ঘটনায় করা মামলায় তাঁর রিমান্ড মঞ্জুর হয়েছে।
নাচোল থানায় করা বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আজ বৃহস্পতিবার দুপুরে মাহফুজকে চাঁপাইনবাবগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। বিচারক শরিফুল ইসলাম তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহাতাব উদ্দিন বলেন, গত ১২ মে নাচোল থানায় করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নব্য জেএমবির শীর্ষ নেতা সোহেল মাহফুজের সাত দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৭ জুলাই রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌডালা সড়কের পাশের একটি আমবাগানে গোপন বৈঠক করার সময় নব্য জেএমবি নেতা সোহেল মাহফুজসহ জেএমবির আরও তিন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশের একটি বিশেষ দল। ওই দিনই পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট মাহফুজকে ঢাকা নিয়ে চলে যায় ও হোলি আর্টিজানে হামলার মামলায় আদালতে তোলে।