জঙ্গি মোকাবিলায় মাঠকর্মীদের কাজে লাগানোর পরামর্শ
জঙ্গি প্রতিরোধে সরকারের বিভিন্ন দপ্তরের মাঠকর্মীদের ‘ওয়াচম্যান’ হিসেবে কাজে লাগানোর পরামর্শ এসেছে জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভায়। এ ছাড়া মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শহীদের সঠিক সংজ্ঞা প্রচার করারও পরামর্শ দিয়েছেন বক্তারা।
গতকাল সোমবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে এ সভা হয়। সভায় রাজনীতিক, সরকারি কর্মকর্তা, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সিভিল সার্জন মো. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘শিক্ষার্থীদের মগজধোলাই করা হচ্ছে এই বলে যে কিছু মানুষকে মেরে নিজে মরলে শহীদের মর্যাদা পাওয়া যাবে। খুব সহজে জান্নাতে যাওয়া যাবে। কিন্তু এ রকম কাজ যারা করে, তাদের স্থান জাহান্নামে। এ জন্য শহীদের আসল সংজ্ঞা ব্যাপক হারে প্রচারের ব্যবস্থা করতে হবে। এতে শিক্ষার্থীরা বিষয়টি সম্পর্কে জানবে। ফলে সহজে তাদের ব্রেইনওয়াশ করা যাবে না।’ তিনি আরও বলেন, জঙ্গিরা সাধারণত দুর্গম পাহাড়ি এলাকায় এবং যেসব স্থানে মানুষের আবাস বেশি, সেসব স্থানে ঘাঁটি গাড়ে। দুর্গম এলাকার জন্য সরকারের স্বাস্থ্য, কৃষি, মৎস্যসহ বিভিন্ন সরকারি দপ্তর এবং বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীদের ওয়াচম্যান হিসেবে কাজে লাগানো যাবে। এসব দপ্তরের কর্মীরা ঘরে ঘরে যান। তাই অপরিচিত ব্যক্তি ঘাঁটি গাড়লে তাঁরা খবর দিতে পারবেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, অভিভাবক ও শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে জঙ্গিবাদকে পরাজিত করতে হবে।
সভায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাবুদ্দিন বলেন, শিক্ষার্থীদের ইসলাম ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে শিক্ষা দিতে হবে।
সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ আইয়ুব মিয়া বলেন, একজন শিক্ষার্থী দিনে সব মিলিয়ে চার ঘণ্টা শিক্ষাপ্রতিষ্ঠানে থাকে। বাকি ২০ ঘণ্টা সে কী করে, সেদিকে অভিভাবকদের নজর রাখতে হবে। তাদের ব্যাগ ও বইয়ের বিষয়ে খোঁজখবর রাখা জরুরি। ১৮ থেকে ২৩ বছরের শিক্ষার্থীদের প্রতি বেশি নজর দিতে হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (ইউএসটিসি) উপপরিচালক মোস্তফা কামাল বলেন, জঙ্গি প্রতিরোধে উপজেলা পর্যায়েও এ রকম সচেতনতা সভা করা জরুরি।
সভায় জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ‘নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু হঠাৎ করে ইংরেজি মাধ্যমের কিছু ছাত্র জঙ্গি হয়ে যাচ্ছে।’ তিনি জানান, জঙ্গি প্রতিরোধে শুধু ইমামদের নয়, মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গেও বৈঠক করা হবে।
জঙ্গি প্রতিরোধে প্রতিটি স্কুল-কলেজে অভিভাবক সমাবেশ করার আহ্বান জানান জেলা প্রশাসক।