স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশের সাংগঠনিক কাঠামোতে একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিষয় বিবেচনা করছে সরকার। গতকাল রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান।
মনোয়ারা বেগমের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, বিভিন্ন অপরাধ মোকাবিলায় বর্তমান সরকার পুলিশ বাহিনীতে আরও ৫০ হাজার জনবল বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমনসহ নাশকতা রোধে পুলিশের সক্ষমতা অনেকাংশে বাড়বে।
জাতীয় পার্টির সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ১৬৮ জন নারী সদস্য কাজ করছেন।
তাজুল ইসলামের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, সম্প্রতি বিএনপির চেয়ারপারসনের সঙ্গে ভারতের বিজেপির সভাপতির টেলিফোন আলাপের মিথ্যা গল্পের ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ²হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ছয়জন কংগ্রেসম্যানের জাল সইয়ের বিবৃতি প্রচারের ঘটনায় বিব্রতকর পরিস্থিতির উদ্ভব হয়েছিল। ওই জালিয়াতির পেছনে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী জড়িত ছিল।
ওয়ারেসাত হোসেনের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, পাকিস্তানের কাছ থেকে দেনা-পাওনার ন্যায্য হিসাব আদায়ে এ পর্যন্ত বাংলাদেশ মোট ১০ বার পাকিস্তানের সঙ্গে বৈঠক করেছে। তবে এখন পর্যন্ত পাকিস্তানের কাছ থেকে কোনো প্রতিশ্রুতি পাওয়া যায়নি।