জঙ্গি মোকাবিলায় বিশেষ ইউনিট হবে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশের সাংগঠনিক কাঠামোতে একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিষয় বিবেচনা করছে সরকার। আজ রোববার সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
মনোয়ারা বেগমের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান আরও বলেন, বিভিন্ন অপরাধ মোকাবিলায় বর্তমান সরকার পুলিশ বাহিনীতে আরও ৫০ হাজার জনবল বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়ন হলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমনসহ নাশকতারোধে পুলিশের সক্ষমতা অনেকাংশে বাড়বে।
জাতীয় পার্টির সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ১৬৮ জন নারীসদস্য কাজ করছেন। একই দলের মোহাম্মদ ইলিয়াছের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত ১ কোটি ২৯ লাখ ৩৪ হাজার ৮২টি ইয়াবা আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ জন্য ৭ হাজার ১৭৮টি মামলা হয়েছে এবং ১০ হাজার ৭৯ জনকে আসামি করা হয়েছে।
তাজুল ইসলামের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, সম্প্রতি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ভারতের বিজেপি সভাপতির সঙ্গে টেলিফোন আলাপের মিথ্যা গল্পের ঘটনা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের ছয়জন কংগ্রেসম্যানের জাল সইয়ের বিবৃতি প্রচারের ঘটনায় বিব্রতকর পরিস্থিতির উদ্ভব হয়েছিল। ওই জালিয়াতির পেছনে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী জড়িত ছিল।
ওয়ারেসাত হোসেনের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তানের কাছ থেকে দেনা-পাওনার ন্যায্য হিসাব আদায়ে এ পর্যন্ত বাংলাদেশ মোট ১০ বার পাকিস্তানের সঙ্গে বৈঠক করেছে। তবে এখন পর্যন্ত পাকিস্তানের কাছ থেকে কোনো প্রতিশ্রুতি পাওয়া যায়নি।