জঙ্গি রাজীব গান্ধী রিমান্ডে

গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম এস এম মাসুদ পারভেজ এ আদেশ দেন। তা ছাড়া আদালত এই মামলায় কুমিল্লায় গ্রেপ্তার জঙ্গি মো. হাসানকে শ্যোন অ্যারেস্ট দেখান।
রিমান্ড মঞ্জুর হওয়া জঙ্গি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে জিজ্ঞাসাবাদ করতে কয়েক দিনের মধ্যে কারাগার থেকে আনা হবে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রামের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা।
২০১৫ সালের ২৩ মার্চ চট্টগ্রাম নগরের মীর আউলিয়া মাজার রোড এলাকার একটি ভাড়া ঘর থেকে বিস্ফোরকসহ জঙ্গি এরশাদ হোসেনকে (২০) ধরে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় লোকজন। গ্রেপ্তারের ছয় দিনের মাথায় এরশাদ চট্টগ্রাম আদালতে নয় পৃষ্ঠার জবানবন্দি দেন। ২০১৫ সালের মে মাসে এরশাদের বিরুদ্ধে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযোগপত্র গ্রহণও করেন আদালত। দুই বছর আগে এরশাদের ওই জবানবন্দিতে শীর্ষ তিন জঙ্গি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাইসুল ইসলাম খান ওরফে ফারদিন ও মো. হাসানের নাম এবং জঙ্গি তৎপরতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ছিল। কিন্তু চট্টগ্রামের পুলিশ তখন তা আমলে নেয়নি বলে সম্প্রতি অভিযোগ ওঠে। এরশাদ এখন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী।
গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ রাজীব গান্ধীকে চলতি বছরের ১৩ জানুয়ারি টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। আর ফারদিন বগুড়ায় গ্রেনেড বানাতে গিয়ে বিস্ফোরণে গত বছরের ৩ এপ্রিল মারা যান বলে পুলিশ জানায়। এ ছাড়া চলতি বছরের ৭ মার্চ কুমিল্লায় পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়ে মারার সময় গ্রেপ্তার হন জঙ্গি হাসান।
এরশাদের জবানবন্দি নিয়ে গত ২ জুলাই প্রথম আলোতে, ‘দুই বছর আগে এক জঙ্গির জবানবন্দিতে যা ছিল!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ১২ জুলাই চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী মামলাটি অধিকতর তদন্তে পাঠানোর জন্য আদালতে আবেদন করেন। ২৫ জুলাই শুনানি শেষে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। পরে পিবিআই এর তদন্তে রাজীব গান্ধী ও হাসান জড়িত থাকর তথ্য উঠে আসে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, জেএমবির বর্তমান নেতৃত্ব, কার্যক্রম, অস্ত্রগুলোর উৎস, বোমার কারিগরসহ সংগঠনের অর্থায়ন এবং সহযোগীদের শনাক্ত করতে জিজ্ঞাসাবাদের জন্য আসামির ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। কুমিল্লায় গ্রেপ্তার আরেক জঙ্গিকে এ মামলায় গ্রেপ্তার দেখান আদালত।