বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক সমর্থন আদায়ের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকা এবং আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে অস্থিতিশীল অবস্থা সৃষ্টির লক্ষ্যে সরকারের মদদে পরিকল্পিতভাবে বৌদ্ধবিহার ও বসতিতে হামলা করা হয়েছে বলে বিএনপির তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে।গতকাল শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের কাছে প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরেন তদন্ত দলের প্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, ঘটনাটি পূর্বপরিকল্পিত। তাই হামলার সময় সরকার ইচ্ছাকৃতভাবে নীরব ছিল। ২৯ সেপ্টেম্বর রাত নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সেখানে কার্যত সরকারের উপস্থিতি ছিল না। বিএনপির তদন্ত প্রতিবেদনে এ ঘটনায় একজন সাবেক প্রধান বিচারপতির নেতৃত্ব বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন, ক্ষতিগ্রস্ত মন্দিরগুলো পুনঃস্থাপন, লুট হওয়া স্বর্ণমূর্তি উদ্ধার এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করা হয়।বিএনপির নয় সদস্যের একটি তদন্ত দল ৫ ও ৬ অক্টোবর হামলাকবলিত রামু, উখিয়া, টেকনাফ ও পটিয়া পরিদর্শন করে। তদন্ত দলের সদস্যরা ক্ষতিগ্রস্তসহ অন্য লোকজনের সঙ্গে কথা বলেন। তাঁদের মধ্যে ৩৩ জনের সাক্ষ্য তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়।মওদুদ আহমদ তিনি বলেন, ২৯ সেপ্টেম্বর রাত নয়টায় রামুতে শ খানেক লোক মিছিল করে। প্রশাসন ইচ্ছা করলে মিছিলটি ছত্রভঙ্গ করে দিতে পারত, কিন্তু তা করেনি। এরপর সহস্র্রাধিক লোক জড়ো হয়ে ভোররাত পাঁচটা পর্যন্ত অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালায়। পার্শ্ববর্তী উখিয়া, টেকনাফ ও চট্টগ্রামের পটিয়ায়ও একই ধরনের ঘটনা ঘটে। তিনি বলেন, রামুর কেন্দ্রীয় সীমাবিহার থেকে থানার দূরত্ব মাত্র আধা কিলোমিটার। জেলা পুলিশ সদরের দূরত্ব ১৮ কিলোমিটার। আর সেনা ক্যাম্পের দূরত্ব চার কিলোমিটার। তারা কেউ পরিস্থিতি শান্ত বা নিয়ন্ত্রণে রাখাতে উদ্যোগী হয়নি। প্রশাসন সচেষ্ট হলে এই বর্বর পরিস্থিতির সৃষ্টি হতো না।তদন্ত প্রতিবেদনে বলা হয়, ‘আশ্চর্যের বিষয় হলো, যে উত্তম কুমার বড়ুয়ার জন্য ঘটনার সূত্রপাত, তাঁর বাড়ির সামনে দিয়ে মিছিল হয়, আশপাশের বৌদ্ধবিহারে হামলা হয়; কিন্তু উত্তমের বাড়িতে একটি ইটও পড়েনি। তদন্ত দলের মনে এটি গভীর সন্দেহের সৃষ্টি করেছে।’এক প্রশ্নের জবাবে মওদুদ আহমদে বলেন, বিএনপির সাংসদকে দোষারোপ করে প্রধানমন্ত্রী দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। এ কারণে সরকারি যে তদন্ত চলছে, তার আর বিশ্বাসযোগ্যতা থাকল না।