জঙ্গি রিপনের প্রাণভিক্ষার আবেদন নাকচের চিঠি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নানের সহযোগী দেলোয়ার হোসেন রিপনের প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি কর্তৃক নাকচ করার চিঠি সিলেট কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে। সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজন নিহত হওয়ার মামলায় এই দুজন ও মুফতি হান্নানের আরেক সহযোগী শরীফ শাহেদুল আলম বিপুলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

সিলেটের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক ছগির মিয়া প্রথম আলোকে বলেন, বাহক মারফত সকাল পৌনে ১০টায় চিঠিটি কারাগারে পৌঁছেছে। তা দেলোয়ারকে জানানো হয়েছে। এখন কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলাম বাংলাদেশের (হুজি-বি) শীর্ষ নেতা মুফতি হান্নান ও শাহেদুল গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারে আছেন।

২০০৪ সালের ২১ মে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের প্রধান ফটকে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। ওই হামলায় পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত, আনোয়ার চৌধুরীসহ ৭০ জন আহত হন। এ ঘটনায় করা মামলায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর মুফতি হান্নান, শরীফ শাহেদুল, দেলোয়ারকে মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন সিলেটের দ্রুত বিচার আদালত।

গত বছরের ১১ ফেব্রুয়ারি ওই রায় বহাল রাখেন হাইকোর্ট। আসামিদের আপিল গত ৭ ডিসেম্বর খারিজ করেন আপিল বিভাগ। গত ১৭ জানুয়ারি পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে ২৩ ফেব্রুয়ারি আসামিরা রিভিউ আবেদন করেন। ১৯ মার্চ ওই আবেদন খারিজ হয়। গত ২১ মার্চ রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর আসামিরা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করলে তা নাকচ হয়ে যায়।