জঙ্গি রেদওয়ানুলের ফোন ও ল্যাপটপের ফরেনসিক পরীক্ষা হবে
ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রেদওয়ানুল আজাদ রানার কাছ থেকে জব্দ করা ল্যাপটপ ও তিনটি মুঠোফোন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো হবে।
আনসারুল্লাহ বাংলা টিমের অন্যতম সংগঠক রেদওয়ানুলের রিমান্ড গতকাল তৃতীয় দিন পার হয়েছে।
মামলার তদন্তকারী সংস্থা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম (সিটি) বিভাগের একজন কর্মকর্তা বলেন, জঙ্গি রেদওয়ানুলের সহযোগীদের অবস্থান জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। তাঁর কাছ থেকে জব্দ করা ল্যাপটপ ও মুঠোফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। দু-এক দিনের মধ্যে তাঁর ল্যাপটপ ও মুঠোফোন সিআইডির ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো হবে।
ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যার মূল পরিকল্পনাকারী রেদওয়ানুল আজাদ এক সহযোগীসহ সম্প্রতি মালয়েশিয়ায় ধরা পড়েন। দুজনকে দেশে ফেরত পাঠানোর পর গত সোমবার ঢাকায় গ্রেপ্তার করে পুলিশ। দুজনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। মামলায় দুজনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।