জঙ্গি লিংক থাকলে খালেদার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, গুপ্তহত্যার ঘটনায় খালেদা জিয়ার কোনো যোগসূত্র থাকলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। অন্য আরেকটি সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম দাবি করেছেন, ‘আক্রমণই সর্বোত্তম আত্মরক্ষা’ এ কৌশল নিয়েছে বিএনপি।
গতকাল শুক্রবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত ঘোষণাপত্র উপকমিটি এবং প্রচার ও প্রকাশনা উপকমিটির বৈঠকে তাঁরা এসব কথা বলেন।
গুপ্তহত্যা দমনে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে উল্লেখ করে শেখ সেলিম বলেন, ‘যখন দেশে ৯৩ দিনব্যাপী পেট্রলবোমা মেরেছিল বিএনপি-জামায়াত, তখন সরকার জনগণের সাহায্য নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করেছিল। আমরা আবার জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, জঙ্গি সন্ত্রাসীদের ধরিয়ে দিতে আমাদের অতীতের মতো সহযোগিতা করুন। আপনাদের নিয়েই আমরা অতিসত্বর জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।’
প্রচার ও প্রকাশনা উপকমিটির সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘কান টানলে মাথা আসে। সাম্প্রতিক জঙ্গি হামলাগুলোকে যদি সব সূত্র থেকে দেখা যায়, তাহলে মাথা চলে আসে। এর জন্য আগে থেকেই অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স (আক্রমণই সর্বোত্তম আত্মরক্ষা) পদ্ধতি তারা গ্রহণ করেছে। তবে এতে কোনো কাজ হবে না।’
প্রচার ও প্রকাশনা উপকমিটির আহ্বায়ক এইচ টি ইমাম বলেন, ‘কীভাবে কখন কোথায় হত্যা করা হচ্ছে এর যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছে। এই যোগসূত্র থেকে আমরা পাচ্ছি যে শিবির ও ছাত্রদল। এবং তাদের মাথা যারা অর্থাৎ যারা ছত্রচ্ছায়া দিচ্ছে, তারা জামায়াত-বিএনপি। জামায়াতে ইসলামী হিন্দ, জামায়াতে ইসলামী পাকিস্তান, আল-কায়েদা, তালেবান, সিরিয়ার আইএস, মুসলিম ব্রাদারহুড, নাইজেরিয়ার বোকো হারাম, সোমালিয়ার আল-শাবাব—এরা একই সূত্রে গাথা। এরা মানবতার শত্রু।’
প্রচার ও প্রকাশনা উপকমিটির সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।