জঙ্গি শফিউলের বাড়ির মালিক রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি শফিউলকে আশ্রয়দানকারী বাড়ির মালিক মো. আনোয়ার হোসেনকে (৪৮) জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে গোবিন্দগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আবেদন করে পুলিশ। আদালতের বিচারক এ এস এম তাসকিনুল হক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের পান্তাপাড়া এলাকা থেকে মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তিনি উপজেলার খলসি দাখিল মাদ্রাসার এফতেদায়ি শাখার প্রধান শিক্ষক। গতকাল শনিবার দুপুরে আনোয়ার হোসেনকে গোবিন্দগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, বাড়ির মালিক আনোয়ার হোসেনের বাড়িতে জঙ্গি প্রশিক্ষণ এবং তাঁর জঙ্গি সম্পৃক্ততা আছে কি না, তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গোবিন্দগঞ্জ থানা-পুলিশ সূত্র জানায়, মাদ্রাসাশিক্ষক আনোয়ার হোসেন জঙ্গি শফিউলকে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত তাঁর বাড়িতে আশ্রয় দেন।