জঙ্গি শফিউলের 'আশ্রয়দাতা' কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া জঙ্গি শফিউল ইসলামকে আশ্রয় দেওয়ার অভিযোগে গাইবান্ধা থেকে গ্রেপ্তার আনোয়ার হোসেনকে (৪৫) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার বিকেলে পাঁচ দিনের রিমান্ড শেষে পুলিশ তাঁকে কিশোরগঞ্জের ১ নম্বর বিচারিক আদালতে হাজির করে। আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুস ছালাম খান তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শোলাকিয়া হামলার ঘটনায় হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা ও কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুর্শেদ জামান বলেন, রিমান্ডে আনোয়ার হোসেন স্বীকার করেছেন যে শোলাকিয়া হামলায় সরাসরি অংশ নেওয়া জঙ্গি শফিউল ইসলাম ও শফিউলের এক সহযোগী পরিবারসহ তাঁর গাইবান্ধার বাসায় চার মাস আশ্রয়ে ছিল। গত মার্চ মাসের শেষের দিকে শফিউল ও সহযোগী তাঁর বাড়ি ছাড়েন।

তদন্তকারী কর্মকর্তা আরও বলেন, এ ছাড়া আনোয়ার হোসেনের কাছ থেকে রিমান্ডে জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। মামলার তদন্তের স্বার্থে সবকিছু বলা যাচ্ছে না।

গত ৭ জুলাই ঈদের দিন সকালে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের অদূরে তল্লাশিচৌকিতে পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা। এ সময় তারা চাপাতি দিয়ে কুপিয়ে জহিরুল ইসলাম ও আনসারুল হক নামের দুই পুলিশ কনস্টেবলকে হত্যা করে। পরে তাদের সঙ্গে পুলিশের গুলিবিনিময় হয়। এ সময় ঘরের ভেতর গুলিবিদ্ধ হয়ে নিহত হন এলাকার গৃহবধূ ঝর্ণা রানী ভৌমিক। অন্যদিকে পুলিশের গুলিতে নিহত হন আবির রহমান নামের এক ‘জঙ্গি’। সংঘর্ষের সময় র‍্যাব ওই এলাকা থেকে শফিউলকে আটক করে। ৪ আগস্ট রাতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শফিউল নিহত হন।

এদিকে শফিউলকে আশ্রয় দেওয়ার অভিযোগে গত ২৪ জুলাই আনোয়ার হোসেনকে আটক করে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার পুলিশ। আনোয়ারের গ্রামের বাড়ি গোবিন্দগঞ্জের পান্থপাড়ায়। পুলিশ প্রথমে তাঁকে ৫৪ ধারায় ও পরে সন্ত্রাসবিরোধী আইনে হওয়া এক মামলায় গ্রেপ্তার দেখায়। পরে কিশোরগঞ্জ সদর থানার পুলিশ শোলাকিয়ায় হামলার ঘটনায় হওয়া মামলায় তাঁকে গ্রেপ্তার দেখায়। গত বুধবার তাঁকে আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।