জঙ্গি শফিউলের 'আশ্রয়দাতা' পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোলাকিয়া হামলায় সরাসরি অংশ নেওয়া জঙ্গি শফিউল ইসলামকে আশ্রয় দেওয়ার অভিযোগে গাইবান্ধা থেকে আটক আনোয়ার হোসেনের (৪৫) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শোলাকিয়ার ঘটনার সময় আটক শফিউল পরে র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।
আনোয়ার হোসেনকে গতকাল বুধবার দুপুরে কিশোরগঞ্জের এক নম্বর বিচারিক আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মীর মোশারফ হোসেন। শুনানি শেষে বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম আ. ছালাম খান তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গাইবান্ধা থানা-পুলিশ আনোয়ার হোসেনকে কিশোরগঞ্জ মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। তাঁকে শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
জঙ্গি শফিউল ইসলাম ও আবির রহমান শোলাকিয়া ঈদগাহ মাঠের অদূরে পুলিশের ওপর হামলায় সরাসরি অংশ নিয়েছিলেন। তাঁদের আশ্রয় দেওয়া সন্দেহভাজন জঙ্গি আনোয়ার হোসেন গাইবান্ধা জেলার পান্থপাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। শোলাকিয়া হামলার পর গত ২৪ জুলাই গাইবান্ধা পুলিশ তাঁকে প্রথমে ৫৪ ধারায় গ্রেপ্তার করে। পরে গোবিন্দগঞ্জ থানায় এ বছরের ১৬ ফেব্রুয়ারি দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
গত ৭ জুলাই ঈদের দিন সকালে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের অদূরে তল্লাশিচৌকিতে পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা। এ সময় তারা চাপাতি দিয়ে কুপিয়ে জহিরুল ইসলাম ও আনসারুল হক নামের দুই পুলিশ কনস্টেবলকে হত্যা করে। পরে তাদের সঙ্গে পুলিশের গুলিবিনিময় হয়। এ সময় ঘরের ভেতর গুলিবিদ্ধ হয়ে নিহত হন এলাকার গৃহবধূ ঝর্ণা রানী ভৌমিক। অন্যদিকে পুলিশের গুলিতে নিহত হন আবির রহমান নামের এক জঙ্গি।
এ ঘটনায় সংঘর্ষের সময় এলাকা থেকে আটক জঙ্গি শফিউল ইসলামসহ অজ্ঞাত আরেক যুবক গত ৪ আগস্ট রাতে র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।