জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম নিষিদ্ধ ঘোষণা
উগ্র জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান গতকাল প্রথম আলোকে বলেন, ‘তাদের (আনসারুল্লাহ বাংলা টিম) কার্যক্রম নিয়ে বিভিন্ন অভিযোগ ওঠায় এবং পুলিশের পক্ষ থেকে সংগঠনটি নিষিদ্ধ করার প্রস্তাব আসায় আমরা গত বৃহস্পতিবার রাতে এ সিদ্ধান্ত নিয়েছি। প্রজ্ঞাপন জারির মাধ্যমে তা বাস্তবায়ন করা হলো।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আনসারুল্লাহ বাংলা টিম নিষিদ্ধ করার বিষয়টি মানুষকে জানানোর জন্য এরই মধ্যে তথ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। গেজেট আকারে মুদ্রণের জন্য বিষয়টি বিজি প্রেসেও পাঠানো হয়েছে।
সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী এ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। এর আগে ২০০৫ সালে হরকাতুল জিহাদ আল ইসলাম, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি বি) ও শাহাদাত আল হিকমাতকে নিষিদ্ধ করা হয়েছিল। এরপর ২০০৯ সালে হিযবুত তাহ্রীরকে নিষিদ্ধ করা হয়।
গত সপ্তাহে পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে সন্ত্রাসবিরোধী আইনের ১৮ ধারা অনুযায়ী আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করার অনুরোধ জানানো হয়। এরপর মন্ত্রণালয় সংগঠনটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।
আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান হলেন মুফতি জসীম উদ্দিন রাহমানী। ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি পল্লবীতে ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় জসীম উদ্দিন রাহমানীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
দেশের নামকরা একাধিক সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ভিত্তিক এই গোষ্ঠীর যাত্রা ২০০৮ সালে। তখন রাজধানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক ক্যাম্পাসের কাছাকাছি বনানীর একটি মসজিদকে ঘিরে আল-কায়েদার মতাদর্শে বিশ্বাসী এ গোষ্ঠীর কার্যক্রম শুরু হয়। প্রধানত ইংরেজি মাধ্যম বা আধুনিক শিক্ষাব্যবস্থায় অধ্যয়নরত শিক্ষার্থীদের লক্ষ্য করে তাদের মতাদর্শ প্রচার ও উদ্বুদ্ধকরণ চলত।