রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত মো. মুকুল রানার (২৩) বাবা আবুল কালাম আজাদ বলেছেন, ‘আমার ছেলে জঙ্গি কিংবা অন্য কোনো সংগঠনের সঙ্গে জড়িত ছিল কি না, তা আমি জানতাম না। যদি জঙ্গিদের সঙ্গে সে জড়িয়ে থাকে, তবে তাকে বিচার করে ফাঁসি দিলে আক্ষেপ থাকত না, বরং খুশি হতাম। তার কাছ থেকে তথ্য পেলে এসবের পেছনে কারা, তা জানা যেত।’
মুকুল রানার লাশ গতকাল মঙ্গলবার সাতক্ষীরা সদর উপজেলার গ্রামের বাড়িতে পৌঁছালে আবুল কালাম আজাদ এসব কথা বলেন। পুলিশ বলেছে, ধরিয়ে দিতে পুরস্কার ঘোষিত ছয় জঙ্গির একজন ‘শরিফুল’ (মুকুল রানা) গত শনিবার গভীর রাতে খিলগাঁওয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।
আবুল কালাম আজাদ বলেন, তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁর ছেলে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত জানতে পারলে নিজেই তাঁকে আইনের কাছে সোপর্দ করতেন।
সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদুল হক শেখ ও স্থানীয় ধুলিহর ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, গতকাল সকাল ১০টার দিকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে মুকুল রানার লাশ সাতক্ষীরায় গ্রামের বাড়িতে আনা হয়। ১১টার দিকে বাড়ির আঙ্গিনায় তাঁর লাশ দাফন করা হয়।