জঙ্গি সন্ত্রাসী রুখতে কারা নিরাপত্তাব্যবস্থা আধুনিকায়ন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গাজীপুরের কাশিমপুর কারাগারে ‘কারা সপ্তাহ-২০১৪’ উদ্বোধন করেন। পরে কারা সপ্তাহ উপলক্ষে আয়োজিত মেলার স্টলগুলো ঘুরে দেখেন l ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গাজীপুরের কাশিমপুর কারাগারে ‘কারা সপ্তাহ-২০১৪’ উদ্বোধন করেন। পরে কারা সপ্তাহ উপলক্ষে আয়োজিত মেলার স্টলগুলো ঘুরে দেখেন l ফোকাস বাংলা

আগামী বছরের জুন মাসের মধ্যেই ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানান্তরিত হওয়ার পর সেখানকার জমির প্রায় নয় একর জায়গায় পার্ক স্থাপনের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে গতকাল মঙ্গলবার সকালে ‘জাতীয় কারা সপ্তাহ’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, দেশ ও জাতির নিরাপত্তা নিশ্চিত করতে জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীরা যাতে কারাগারের ভেতর থেকে জঙ্গি তৎপরতা চালাতে না পারে, সে লক্ষ্যে কারা নিরাপত্তাব্যবস্থা আধুনিকায়ন করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাংসদ জাহিদ আহসান রাসেল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীনসহ পদস্থ সরকারি কর্মকর্তারা।
কারারক্ষীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা “পাপকে ঘৃণা করব, পাপীকে নয়” এই প্রতিপাদ্য সামনে রেখে কারা প্রশাসন পরিচালনা করছি। তাই সরকার সব সময় কারাগারের পরিবেশ উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। ১৯৯৬ সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে আমরা কারা বিভাগের সদর দপ্তরসহ ৩৬টি কারাগার নির্মাণ প্রকল্প হাতে নিয়েছিলাম। যার সুফল কারাবন্দীসহ পুরো প্রশাসন এখন পাচ্ছে।’
প্রধানমন্ত্রী জানান, ২০০৯ সালে দায়িত্ব নেওয়ার পর তাঁর সরকার ঢাকা কেন্দ্রীয় কারাগারে ‘জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা কারা স্মৃতি জাদুঘর’ স্থাপন করে। এটি জাতীয় জাদুঘরের শাখা জাদুঘর হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। জুনের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তরের পর সেটি সবার জন্য খুলে দেওয়া হবে। এ ছাড়া সরকার শত বছরের পুরোনো জরাজীর্ণ খুলনা জেলা কারাগার ও সিলেট কেন্দ্রীয় কারাগারকে অন্যত্র সরিয়ে নিয়ে বৃহৎ আকারে নির্মাণের কাজ শুরু করেছে। চট্টগ্রাম কারাগারের আধুনিকায়নের কাজ চলছে।
আদিকালে অপরাধীদের সাজা দিতেই কারাগার সৃষ্টি হলেও সভ্য দুনিয়ায় এটাকে সংশোধনাগার ও পুনর্বাসনের কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন কারাগারে থাকা দীর্ঘমেয়াদে সাজাপ্রাপ্ত এক হাজার বন্দীকে বিশেষ বিবেচনায় মুক্তি দেওয়া হয়েছে। এসব মানুষ যাতে সমাজে পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারে ও আর্থসামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে পারে, সে জন্যই এই পদক্ষেপ।
পেশাগত দক্ষতা অর্জনে প্রশিক্ষণের অপরিহার্যতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর ৪৩ বছরেও কারা কর্মকর্তা-কর্মচারীদের জন্য কোনো প্রশিক্ষণ কেন্দ্র গড়ে ওঠেনি। তাই রাজশাহীতে কারা প্রশিক্ষণ একাডেমি ও ঢাকায় একটি কারা স্টাফ কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারাগারগুলোতে আত্মকর্মসংস্থান ও ভিত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ‘ক্রিমিনাল ডেটাবেইস’ তৈরির প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কারাগারে আগত বন্দীদের একটি ডেটাবেইস তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ডেটাবেইসের সঙ্গে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট অধিদপ্তরের তথ্যের সমন্বয় করে সহজেই অপরাধী শনাক্ত করা যাবে।