জঙ্গি সন্দেহে আটক ১৪ জন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় ১৪ জনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জঙ্গি কার্যক্রম সংগঠনের উদ্দেশ্যে সংগঠিত হওয়ার সময়
জঙ্গি সন্দেহে আটক ১৪ জনকে চার দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আমিনুল হক এই রিমান্ড মঞ্জুর করেন। গতকাল সোমবার রাজধানীর উত্তরা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

এঁরা হলেন, টাঙ্গাইলের আমিনুর (৩১), আবদুল আলীম (৩৩) ও শাহ আলম (২৮), কুমিল্লার গোলাম জিলানী (২৬), নুরুল আমিন (২৬) ও মাহমুদুল হাসান (৩০), ব্রাহ্মণবাড়িয়ার জাফর ইকবাল (২৭), ঝিনাইদহের আকরাম হোসেন (২৭), চুয়াডাঙ্গার আবদুল আলী (৪০), পাবনার আশরাফ আলী (২৭), ঢাকার সাইফুল ইসলাম (৩৬), কুড়িগ্রামের আলম মাহবুব (৩৪), চাঁপাইনবাবগঞ্জের ডলার পারভেজ (৩৫) ও মুন্সিগঞ্জের মোহাম্মদ জসিম (৩৩)।

সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আজ বেলা সাড়ে তিনটার দিকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক মো. মোস্তফা আনোয়ার প্রত্যেককে সাত দিন করে রিমান্ডে দেওয়ার আবেদন করেন। আবেদনে বলা হয়, এই ১৪ আসামি সিঙ্গাপুরে কাজ করতেন। সেখানে তাঁদের নিজেদের মধ্যে পরিচয় হয়। সেখানেও তারা জঙ্গি কার্যক্রম করতেন বলে সিঙ্গাপুর পুলিশ তাঁদের আটক করে দেশে ফেরত পাঠান। দেশে এসেও তাঁরা আবার সংগঠিত হয়ে জঙ্গি কার্যক্রম শুরু করেন। গতকাল উত্তরা পূর্ব থানাধীন আবদুল্লাহপুর বাসস্ট্যান্ডের পাশে খন্দকার ফিলিং স্টেশনের কাছ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

উত্তরা পূর্ব থানায় দায়ের করা এই মামলার এজাহার থেকে জানা যায়, আসামিরা সিঙ্গাপুরের মোস্তফা মার্কেটের কাছে অ্যাঙ্গোলিয়া নামক মসজিদে একত্র হয়ে বাংলাদেশে জঙ্গি কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সদস্য ও অর্থ সংগ্রহসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার বিষয়ে আলোচনা করতেন। ওই মসজিদে প্রত্যেক রোববার সন্ধ্যায় একত্র হয়ে জিহাদি বক্তব্য, বয়ান ও জিহাদি ভিডিও প্রদর্শন করতেন তাঁরা। সিঙ্গাপুর পুলিশের কাছে তাঁদের এই জঙ্গি কার্যক্রমের বিষয়টি প্রকাশ পাওয়ার পর তাঁদের আটক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।

রিমান্ড আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত অপর সহযোগীদের গ্রেপ্তারের লক্ষ্যে তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তা মো. মোস্তফা আনোয়ার প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক সময়ে সিঙ্গাপুর পুলিশ জঙ্গি সন্দেহে তাঁদের আটক করে পাঠিয়ে দেয় বলে জানতে পেরেছি। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও বিস্তারিত জানা যাবে।