জঙ্গি সন্দেহে একজনকে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার জন্য অর্থ সাহায্য নিতে আসা এক ব্যক্তিকে গতকাল সোমবার জঙ্গি হিসেবে সন্দেহ করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ওই ব্যক্তির নাম ছালাতুর রহমান ওরফে স্ট্যালিন (৫০)। তাঁর বাড়ি জামালপুরের সরিষাবাড়ী।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ছালাতুর রহমান গতকাল বিকেলে হৃদ্‌রোগের চিকিৎসার জন্য অর্থ সাহায্য নিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আসেন। সেখানে কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে তিনি অর্থ সংগ্রহ করেন। একপর্যায়ে তিনি উপরেজিস্ট্রার আবুল কালাম আজাদের কক্ষে গিয়ে সাহায্য চান। উপরেজিস্ট্রার জঙ্গি সন্দেহে ছালাতুরকে আটক করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিয়ে ছালাতুরকে পুলিশে সোপর্দের প্রস্তুতি নেন। এ সময় প্রশাসনিক ভবনের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী তাঁকে পুলিশে সোপর্দ না করার অনুরোধ করেন। বেলা তিনটার দিকে ছালাতুরকে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক আটক করে থানায় নিয়ে যান।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মকর্তা-কর্মচারী বলেন, ছালাতুর রহমান সাত-আট বছর ধরে বিশ্ববিদ্যালয়ে অর্থ সাহায্য নিতে আসেন। তিনি নিয়মিত আসেন না। বছরে দুই-তিনবার তিনি আসেন। কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে আর্থিকভাবে সাহায্য করেন। তাঁকে জঙ্গি বলে কখনো সন্দেহ হয়নি। তবে তাঁর সম্পর্কে বিস্তারিত খোঁজ নেওয়া হয়নি কখনো। তিনি বাংলাদেশের নাগরিক হলেও সম্ভবত দেশের বাইরে বড় হয়েছেন। তিনি ইংরেজিতে কথা বলেন।

উপরেজিস্ট্রার আবুল কালাম আজাদ বলেন, ‘তাঁকে (ছালাতুর রহমান) বিনা মূল্যে চিকিৎসার কথা বললে জবাব না দিয়ে চলে যেতে উদ্যত হন। এতে আমার সন্দেহ হয়। তাঁর বেশভূষা ইরাক-সিরিয়া-আফগান জঙ্গিদের মতো। আমার ধারণা, রেকি (স্থান পর্যবেক্ষণ) করতে তাঁকে এখানে পাঠানো হয়েছে।’ তিনি এ ঘটনায় আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান।