জঙ্গি সন্দেহে কলকাতায় দুই বাংলাদেশি আটক পরে মুক্ত
জঙ্গি সন্দেহে গত বুধবার এক বাংলাদেশি ব্যবসায়ী এবং বৃহস্পতিবার সকালে বাংলাদেশে ফেরার পথে সাতটি গুলিসহ অপর আরও এক বাংলাদেশিকে আটক করে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। পরে দুজনকেই বাংলাদেশে পাঠিয়ে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।বুধবার ৩৫ বছর বয়সী বাংলাদেশি ব্যবসায়ী নওয়াজ আবদুর রহিম তাঁর বাবা নিয়াজ রহিমকে নিয়ে ভারতের কেরালায় এক আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন। নিয়াজ রহিমের আদিনিবাস কেরালায়। কিন্তু বিমানবন্দরে নওয়াজ আবদুর রহিম সম্পর্কে আগেই সতর্কবার্তা থাকায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ আটক করে এবং তাঁর বাবা নিয়াজ রহিমকে কেরালা যাওয়ার অনুমতি দেওয়া হয়।আবদুর রহিমের বিরুদ্ধে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর আগেই ভারতের কাছে সতর্কবার্তা পাঠিয়েছিল। তাঁর সঙ্গে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার যোগাযোগ থাকতে পারে। কিন্তু একদিন বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ করেও ভারতের গোয়েন্দারা আবদুর রহিমের সঙ্গে ভারতীয় কোনো জঙ্গিগোষ্ঠীর ঘনিষ্ঠতার প্রমাণ না পেয়ে তাঁকে বৃহস্পতিবার ছেড়ে দিয়ে ঢাকায় ফেরত পাঠিয়ে দেয়। তাঁর বাড়ি ঢাকার গুলশানে। ব্যবসায়িক কাজে তিনি নিয়মিত ভারত, যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ বিভিন্ন দেশে যাতায়াত করে থাকেন।অন্যদিকে বৃহস্পতিবার সকালে ৬৫ বছরের বৃদ্ধ বাংলাদেশি মুহম্মদ শহীদুল্লাহ তাঁর বৃদ্ধ স্ত্রীকে নিয়ে কলকাতায় চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরছিলেন। পথে কলকাতা বিমানবন্দরে তল্লাশির সময় ওই বৃদ্ধের হাতব্যাগে সাতটি ২২ বোরের বুলেট পাওয়া যায়। ওই ব্যক্তি বিমানবন্দরকে জানান, এ গুলি তিনি ভুলে এনেছেন। এই বুলেট দিয়ে তিনি বাংলাদেশে পাখি শিকার করেন। ঢাকায় গিয়ে শহীদুল্লাহর স্ত্রী তাঁর স্বামীর বুলেট রাখার লাইসেন্সের কপি ফ্যাক্স করে কলকাতা বিমানবন্দরে পাঠান। এরপর শহীদুল্লাহকে ছেড়ে দিয়ে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়।