জঙ্গি সন্দেহে গ্রাম্য চিকিৎসক গ্রেপ্তার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গত শনিবার জঙ্গি সন্দেহে মো. নাসির উদ্দিন (৪০) নামের এক গ্রাম্য চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে নাসিরের চিকিৎসালয়ে স্থানীয় জামায়াত-শিবিরের কর্মীরা ঘন ঘন আসা-যাওয়া করছিলেন। শনিবার রাত আটটার দিকে ধানীসাফা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন তালুকদারের নেতৃত্বে লোকজন নাসিরের দোকানে গিয়ে জঙ্গি সন্দেহে তাঁকে পিটুনি দেন। সোয়া নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাসিরকে গ্রেপ্তার করে। এ সময় একটি ল্যাপটপ ও ৩৭টি ডিস্ক জব্দ করা হয়।
নাসির উদ্দিন জানান, তাঁর বাড়ি খুলনার দাকোপ উপজেলার কৈলাসগঞ্জ গ্রামে। তিনি ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে শ্বশুরালয়ে বসবাস করছেন। তিনি কোনো রাজনৈতিক দল বা মৌলবাদী সংগঠনের সঙ্গে জড়িত নন বলে জানান।
উপজেলা জামায়াতের আমির আবদুল জলির শরিফ জানান, নাসির স্থানীয় জামায়াতের কোনো পদে নেই। তবে তিনি দলের সমর্থক।