জঙ্গি সন্দেহে গ্রেপ্তার চারজনের জামিন মঞ্জুর
চট্টগ্রামে জঙ্গি সন্দেহে ৫৪ ধারায় গ্রেপ্তার মিয়ানমারের বিদ্রোহী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) শীর্ষ দুই নেতাসহ চারজনের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আহমদ সাঈদ শুনানি শেষে এ আদেশ দেন।
তবে জামিন পেলেও কারাগার থেকে মুক্তি পাবেন না তাঁরা। ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে লালবাগ থানার একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখাতে তাদের ১২ ডিসেম্বর হাজির করা হবে। এ জন্য আদালত পিডব্লিউ (প্রোডাকশন ওয়ারেন্ট) জারি করে পাঠান চট্টগ্রাম কারাগারে।
চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রনি কুমার দে প্রথম আলোকে বলেন, ৫৪ ধারায় গ্রেপ্তার পাঁচ জঙ্গির মধ্যে চারজনের জামিন মঞ্জুর করেন আদালত। তাঁরা হলেন আরএসওর সভাপতি সালামত উল্লাহ, সহসভাপতি মো. শফিউল্লাহ, মোহাম্মদ আমিন ও আবদুল মজিদ। পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আলমের জামিন মঞ্জুর করেননি আদালত। শুনানিকালে আসামিদের জামিন মঞ্জুর না করতে রাষ্ট্রপক্ষ থেকে আবেদনও জানানো হয়।
এপিপি আরও বলেন, ঢাকার লালবাগ থানার একটি সন্ত্রাসবিরোধী আইনে ওই পাঁচ আসামিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ১২ ডিসেম্বর হাজির করতে ৩ ডিসেম্বর ফ্যাক্স আসে চট্টগ্রাম কারাগারে। তাই ৫৪ ধারায় চারজন জামিন পেলেও পিডব্লিউ থাকায় কারাগার থেকে তাঁরা মুক্তি পাবেন না। লালবাগ থানার মামলায় পাঁচজনকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হবে।
গত ২৩ নভেম্বর চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) নগরের জিইসি মোড়ের একটি আবাসিক হোটেল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে। প্রথম দফায় তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে নগর ডিবি পুলিশ। পরে তাঁদের আরও জিজ্ঞাসাবাদ করতে ৩০ নভেম্বর ডিবি পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত মোহাম্মদ আমিনকে দুদিন এবং বাকি চারজনকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।