জঙ্গি সন্দেহে গ্রেপ্তার চারজনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইএসে যোগদানকারী এক বাংলাদেশির বাবাসহ চারজনকে আজ মঙ্গলবার রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আলমগীর কবির রাজ এ আদেশ দেন।

যাদের রিমান্ড নেওয়া হয়েছে তাঁরা হলেন—আবুল হাসনাত (৬৭), নাহিদুজ্জোদা মিয়া (৩০), নাহিদুল ইসলাম (১৯) ও তাজুল ইসলাম (২৫)।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবির) পরিদর্শক মো. জহির হোসেন আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত আবুল হাসনাতকে একদিন এবং বাকি তিনজনকে দুদিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, মামলার এক নম্বর আসামি আবুল হাসনাতের ছেলে সাইফুল হক সুজন বর্তমানে আইসিসে যোগ দিয়ে সিরিয়াতে অবস্থান করছে। এ ছাড়া তাঁর আরেক ছেলে আতাউল হক সবুজ দেশে জঙ্গি অর্থায়নের জন্য অর্থ পাঠিয়েছে।

রিমান্ড আবেদনে পুলিশ উল্লেখ করেছে, আসামিদের কাছ থেকে ৩৮ লাখ ৮৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ঢাকা শহরে বড় ধরনের নাশকতার জন্য আসামিরা সংগঠিত হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা বলেছেন, তাঁদের কাছ থেকে উদ্ধার করা টাকা বিদেশ থেকে আতাউল হক সবুজ জঙ্গি কার্যক্রম পরিচালনার জন্য পাঠিয়েছেন। মামলার তদন্তের স্বার্থে জঙ্গি সংগঠনের সঙ্গে আসামিদের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য সংগ্রহ ও পলাতক জঙ্গিদের গ্রেপ্তার করার জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

৮ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও থানার কারওয়ান বাজারের টিসিবি ভবনের সামনে থেকে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। আবুল হাসনাতের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার পাকুড়চিয়া মুন্সিবাড়ি গ্রামে। নাহিদুজ্জোদার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী থানার বাসুদেব গ্রামে। নাহিদুল ইসলামের বাড়ি সাতক্ষীরার আশাশুনি থানার সৈয়দবাড়ি গ্রামে। আর তাজুল ইসলামের বাড়ি খুলনার সোনাডাঙা থানার হাজি ইসমাইল রোড এলাকায়।