জঙ্গি সন্দেহে গ্রেপ্তার পাঁচ যুবক রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ড থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার পাঁচ যুবককে জিজ্ঞাসাবাদ করতে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার বিকেলে চট্টগ্রামের বিচারিক হাকিম হোসেন মোহাম্মদ রেজা শুনানি শেষে এ আদেশ দেন।

পাঁচ যুবক হলেন মুসাব ইবনে ওমায়েদ (২৫), মোহাম্মদ শিপন ওরফে ফয়সল (২৫), খোরশেদ আলম (৩১), রাসেল মোহাম্মদ ইসলাম (৪০) ও আরিফুল মোস্তফা (২৩)।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান বলেন, সীতাকুণ্ড থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ যুবককে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আজ আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পাঁচজনের মধ্যে আরিফুল মোস্তফা ছাড়া বাকি চারজনকে গত মঙ্গলবার থেকে ওই মামলায় চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সীতাকুণ্ড থানার পুলিশ। তাঁদের পুনরায় জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডের আবেদন করা হয়। এ ছাড়া এই মামলায় নতুন করে আরিফুল মোস্তফা নামের এক আসামিকেও জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম রিমান্ড আবেদনে বলেন, আসামিরা জঙ্গি কার্যক্রম পরিচালনা করে সরকারকে উৎখাত এবং রাষ্ট্রের ক্ষতিসাধনের জন্য সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় জড়ো হন। তারা সবাই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। তাঁদের পলাতক সহযোগীদের নাম-ঠিকানা সংগ্রহ ও গুরুত্বপূর্ণ তথ্য আদায়ের জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজন।

১০ জুলাই সীতাকুণ্ড থেকে জঙ্গি সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে চারটি চাপাতি, চারটি কিরিচ, ছয়টি মুঠোফোন, একটি ল্যাপটপ ও একটি ট্যাব উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে পৃথক দুটি মামলা করা হয়। গত বৃহস্পতিবার বাড়বকুণ্ড থেকে আরিফুলকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা সীতাকুণ্ড থানার এস আই শরীফুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে জানান, রিমান্ড মঞ্জুর হওয়া পাঁচ আসামিকে জিজ্ঞাসাবাদ করতে আদালত থেকে সীতাকুণ্ড থানায় আনা হয়েছে।