জঙ্গি সন্দেহে গ্রেপ্তার মেডিকেল ছাত্র রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হওয়া দিনাজপুর মেডিকেল কলেজের প্রথম বর্ষের এক ছাত্রকে জিজ্ঞাসাবাদ করতে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ওই ছাত্রের নাম আবদুল হান্নান ওরফে আবদুল্লাহ ওরফে লাদেন (২১)।

হান্নানকে জিজ্ঞাসাবাদ করতে আজ রোববার আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেহ মোহাম্মদ নোমান এই আবেদনের শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সরকারি কৌঁসুলি নোমান চৌধুরী প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার রাতে নগরের বায়েজিদ বোস্তামীর কুলগাঁও এলাকার একটি ভাড়া বাসা থেকে আবদুল হান্নানকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। সেখানে একটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন ও ১১টি জিহাদি বই পাওয়া যায়। তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের একজন সক্রিয় সদস্য। এ ঘটনায় নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) লিয়াকত আলী বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় হান্নান ও তাঁর পলাতক তিন সহযোগীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও তিন–চারজনকে আসামি করা হয়। গ্রেপ্তার হান্নানকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আজ আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির সময় হান্নানের আইনজীবী তাঁকে নির্দোষ দাবি করে রিমান্ড বাতিলের আবেদন করেন। কিন্তু আদালত তা নাকচ করে দেন।

মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের এসআই রাজেশ বড়ুয়া বলেন, আসামি আবদুল হান্নানকে জিজ্ঞাসাবাদ করতে কাল সোমবার কারাগার থেকে আনা হবে।