জঙ্গি সন্দেহে গ্রেপ্তার যুবক কারাগারে
চট্টগ্রামে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে গ্রেপ্তার মো. জাবেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আর জামিন আবেদন করেন তাঁর আইনজীবী। গতকাল বুধবার শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী দুটি আবেদনই নামঞ্জুর করেন।
চট্টগ্রাম মহানগর আদালতের সরকারি কৌঁসুলি নোমান চৌধুরী প্রথম আলোকে বলেন, গত রোববার পতেঙ্গা থেকে জাবেদকে পুলিশ গ্রেপ্তার করে। পরে তাকে বায়েজীদ বোস্তামী থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের এসআই রাজেশ বড়ুয়া।
তদন্ত কর্মকর্তা রাজেশ বড়ুয়া বলেন, গত ২৯ জুলাই বায়েজীদ বোস্তামী এলাকা থেকে আবদুল হান্নান ওরফে লাদেন নামের আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জাবেদকে গ্রেপ্তার করা হয়।