জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১০
রাজধানীতে জঙ্গি সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত রোববার তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিবি।
ডিবির দাবি, এই ১০ জনের মধ্যে একজন আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আইএসের ‘শুভানুধ্যায়ী’। বাকি নয়জন ‘বাংলাদেশ জিহাদি গ্রুপ’ নামে নতুন একটি জঙ্গি সংগঠনের সদস্য; তাঁরা জঙ্গি কর্মকাণ্ডের তহবিল সংগ্রহের জন্য ব্যাংক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।
গতকাল সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ডিবি জানায়, রোববার রাতে বনানী ডিওএইচএসের নিজ বাড়ি থেকে আইএসের সঙ্গে সম্পৃক্ত সন্দেহে ফিদা মুনতাসির সাকেরকে (২৭) গ্রেপ্তার করা হয়। তাঁর বাবা নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কমান্ডার। এর আগে ৩০ মে আইএসের সদস্য সন্দেহে বারিধারা ডিওএইচএস থেকে সাবেক সেনা কর্মকর্তার ছেলে আবদুল্লাহ আল গালিবকে (২৫) গ্রেপ্তার করে ডিবি। ডিবি জানায়, গালিব ‘জুনুদ আত-তাওহিদ ওয়াল খিলাফা’ নামের একটি জঙ্গি সংগঠন প্রতিষ্ঠা করেছেন বলে জানায় ডিবি। ফিদা গালিবের সহযোগী।
‘বাংলাদেশ জিহাদি গ্রুপ’-এর সদস্য সন্দেহে গ্রেপ্তার নয়জন হলেন মাওলানা নুরুল্লাহ কাশেমী (৫৮), তাঁর ছেলে ফাহাদ বিন নুরুল্লাহ কাশেমী (২০), ফাহাদের খালাতো ভাই মো. রাহাত (২১), ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করা ও ছাপাখানা ব্যবসায়ী কাজী ইফতেখার খালেদ (২৮), তাঁর বন্ধু ইয়াসিন আরাফাত (২৮), পোশাক কারখানার শ্রমিক দ্বীন ইসলাম (২৫) ও নুরুল ইসলাম (২৯), নুরুল্লাহ কাশেমীর অনুসারী আরিফুল করিম চৌধুরী ওরফে আদনান (৩৩) ও দেলোয়ার হোসেন (৫৫)।
সংবাদ সম্মেলনে ডিবির দায়িত্বপ্রাপ্ত যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, রোববার বিকেলে বনশ্রীর একটি বাড়ির গ্যারেজ থেকে ফাহাদ, কাজী ইফতেখার, রাহাত, দ্বীন ইসলাম, আদনান ও নুরুলকে গ্রেপ্তার করে ডিবির একটি দল। সেখানে উচ্চক্ষমতাসম্পন্ন বোমা তৈরির গবেষণাগার পায় ডিবি। সেখান থেকে পাঁচ কেজি বিস্ফোরক ও বোমা তৈরির বিভিন্ন রাসায়নিকসহ প্রচুর সরঞ্জাম উদ্ধার করা হয়। তাঁদের গ্রেপ্তারের সূত্র ধরে সূত্রাপুরের লালমোহন দাস লেনের একটি বাসা থেকে নুরুল্লাহ কাশেমী, দেলোয়ার ও ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়। এখান থেকেও এক কেজি বিস্ফোরকসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
কৃষ্ণপদ রায় জানান, আনসারুল্লাহ বাংলা টিম ও হরকাতুল জিহাদের (হুজি-বি) কিছু পুরোনো সদস্য মিলে নতুন করে ‘বাংলাদেশ জিহাদি গ্রুপ’ তৈরি করেছেন। তাঁরা জঙ্গি কর্মকাণ্ডের অর্থ সংগ্রহের জন্য ব্যাংক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁদের বিরুদ্ধে খিলগাঁও ও সূত্রাপুর থানায় ডাকাতির প্রস্তুতি, বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে চারটি মামলা করা হয়েছে। এসব মামলায় গতকাল তাঁদের সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে ডিবি।
এই নয়জনকে গ্রেপ্তার অভিযান তত্ত্বাবধানকারী ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ছানোয়ার হোসেন বলেন, উত্তরবঙ্গের একটি জেলায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল দলটি। তাঁদের আদর্শিক নেতা মাওলানা নুরুল্লাহ কাশেমী। তাঁর ছেলে এঁদের বোমা তৈরির প্রধান কারিগর। তাঁদের কাছ থেকে জাহাজের অ্যাঙ্গেলে বিস্ফোরক ভরা দুটি বোমা উদ্ধার করা হয়েছে। একেকটি অ্যাঙ্গেলে দুই কেজি পর্যন্ত বিস্ফোরক ভরা সম্ভব, মুঠোফোনের মাধ্যমে এই বোমার বিস্ফোরণ ঘটানো যায়।
ডিবির কর্মকর্তারা জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিদ্যালয়ের গবেষণাগারে ব্যবহারের কথা বলে হাটখোলা রোডের রাসায়নিকের দোকান থেকে বোমা তৈরির জন্য রাসায়নিক সংগ্রহ করেছিলেন বলে তথ্য মিলেছে।
এডিসি ছানোয়ার হোসেন বলেন, দেড় বছর ধরে এই ব্যক্তিরা বাংলাদেশ জিহাদি গ্রুপ গড়ে তোলার কাজ করছিলেন। এই নয়জনের কেউ এর আগে গ্রেপ্তার হয়েছিলেন, এমন তথ্য মেলেনি। এর আগে তাঁদের কোনো জঙ্গি কার্যক্রমেরও তথ্য নেই ডিবির কাছে। তবে কয়েকটি ঘটনায় তাঁদের সম্পৃক্ততার বিষয়ে সন্দেহ করা হচ্ছে।
‘আইএসের শুভানুধ্যায়ী’: আইএসের সঙ্গে সম্পৃক্ত সন্দেহে গ্রেপ্তার ফিদা মুনতাসির প্রসঙ্গে সংবাদ সম্মেলনে কৃষ্ণপদ রায় বলেন, তিনি আইএসের শুভানুধ্যায়ী। জঙ্গি কার্যক্রমে অন্যদের উদ্বুদ্ধ করা ও আইএসের সঙ্গে যোগ দিতে তুরস্ক হয়ে ইরাক যাওয়ার বিষয়ে ফিদা অন্যদের সাহায্য করেছেন বলে তথ্য রয়েছে।
ফিদা মুনতাসিরকে গ্রেপ্তার করা ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার জামাল পাশা বলেন, ফিদা পেশায় তথ্যপ্রযুক্তিবিদ। তাঁর কয়েকটি কম্পিউটার জব্দ করা হয়েছে। এ ছাড়া তাঁর ই-মেইল ও সামাজিক যোগাযোগমাধ্যমে জঙ্গিদের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ মিলেছে। তাঁকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে ডিবি।
ফিদার লিংকড ইন প্রোফাইল থেকে জানা যায়, রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি) থেকে কম্পিউটার বিজ্ঞানে পড়শোনা শেষ করেছেন তিনি। তিনি ২০১৫ সালে বেসিস আয়োজিত কোড ওয়ারিয়র চ্যালেঞ্জের চ্যাম্পিয়ন দলের সদস্য, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত ২০১৪ সালের হ্যাকাথনের বিজয়ী। ২০১৪ সালে নাসা আয়োজিত আন্তর্জাতিক স্পেস অ্যাপ চ্যালেঞ্জেও তিনি অংশ নেন।