জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১৭ জনের দুদিন করে রিমান্ড মঞ্জুর
চট্টগ্রামে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার একজন আইনজীবীসহ ১৭ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ হারুন অর রশিদ শুনানি শেষে এই আদেশ দেন।
আসামিরা হলেন আইনজীবী মো. ইব্রাহীম, মো. রাসেল, আহসান শাহরিয়ার, নুর ইসলাম, মিনহাজ উদ্দিন, মেহেদী হাসান, মইনুল ইসলাম, মিনহাজুল আবেদীন, এ কে এম মান্নান, আল আমিন, খোরশেদ আলম, সাইফুল আলম, মো. শামীম, মো. মাসুম, আক্তার হোসেন, শাহনেওয়াজ ও আলাউদ্দিন। তাঁদের বয়স ১৮ থেকে ৪৩ বছরের মধ্যে। নগরের দক্ষিণ পাহাড়তলীর ঝর্ণাপাড়া এলাকা থেকে গত শনিবার মধ্যরাতে ওই ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তাঁরা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের কর্মী। তাঁদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ডবলমুরিং থানায় করা মামলায় গ্রেপ্তার ১৭ জনকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। এ সময় আসামিদের নির্দোষ দাবি করে রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন কয়েকজন আইনজীবী। শুনানি শেষে আদালত সবার দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।