জঙ্গি সন্দেহে জামালপুরে দম্পতি শেরপুরে দুই যুবক আটক
জঙ্গি সন্দেহে জামালপুরের মেলান্দহে গত বুধবার এক দম্পতি ও শেরপুরের নালিতাবাড়ীতে গতকাল বৃহস্পতিবার দুজন যুবককে আটক করা হয়েছে।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, মেলান্দহে আটক মো. ইলিয়াস ও তাঁর স্ত্রী তাসলিমা আক্তার ‘কালেমা জামাত’ নামের একটি উগ্রপন্থী ইসলামি সংগঠনের সক্রিয় কর্মী বলে স্বীকার করেছেন। পুলিশ বলেছে, মধ্যভুরুঙ্গা গ্রামের আবদুর রশিদের বাড়িতে একটি ঘর ভাড়া নিয়ে দুই মাস ধরে তাঁরা সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিলেন। বুধবার সকাল সাড়ে ১০টায় পুলিশ ওই বাড়িতে হানা দিয়ে তাঁদের গ্রেপ্তার করে।মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল উদ্দিন জানান, আপাতত তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এদিকে নালিতাবাড়ীতে আটক দুজন যুবক হলেন ঢাকার খিলগাঁও চৌধুরীপাড়া এলাকার নাহিদ ইসলাম (৩৬) ও সূত্রাপুরের শহীদুল ইসলাম (৩৫)। পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল বেলা সাড়ে ১১টায় উপজেলার মধ্যবাজার জামে মসজিদের পাশে ওই দুজন যুবককে সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাঁদের আটক করে। তাঁদের কাছ থেকে একটি ভিডিও ক্যামেরা, একটি টেপরেকর্ডার, ধর্মীয় বই, মুঠোফোন, উপজেলার সীমান্তবর্তী গ্রাম পানিহাটায় যাওয়ার ছক ইত্যাদি উদ্ধার করা হয়।নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল গণি জানান, তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।