জঙ্গি সন্দেহে নয়জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে জঙ্গি সন্দেহে নয়জনকে গ্রেপ্তার করেছে রাজাপুর থানার পুলিশ। রাজাপুর সদরের শরিফবাড়িসংলগ্ন একটি টিনশেড ঘর থেকে গত সোমবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে পাঁচটি ইসলামি বই, তিনটি স্ক্রু-ড্রাইভার, একটি তাতাল ও একটি টেস্টার উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: খুলনার খালিশপুরের আনোয়ার হোসেন (৩৪) ও মো. মাসুম (২৯), পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার শ্রীনগর গ্রামের সাইফুল ইসলাম (২৫), চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রতনপুর গ্রামের আবদুল্লাহ (১৩), কক্সবাজারের উখিয়া উপজেলার চাকবৈঠা গ্রামের আরিফ (১১) ও আল-আমিন সিকদার (২০), চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রতনপুর গ্রামের আবদুল্লাহ (১৩), কক্সবাজারের উখিয়া উপজেলার চাকবৈঠা গ্রামের আরিফ (১১), পটুয়াখালীর রাঙাবালির ঘোড়াখালী গ্রামের আবদুল আউয়াল (১৮), বগুড়ার গাবতলী উপজেলার মাছুমদি গ্রামের আবদুর রহমান (১৮) এবং গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিণ্ডাতরী গ্রামের ওয়ালিউল্লাহ (৩১)। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের জেলহাজতে পাঠান।রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন বলেন, ‘ওই নয়জন দেড় মাস ধরে হাজিবাড়িতে একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। তাদের গতিবিধি সন্দেহজনক এবং জঙ্গিসম্পৃক্ততা থাকতে পারে—এলাকাবাসীর এই অভিযোগের ভিত্তিতে আমরা তাদের গ্রেপ্তার করেছি।’ রাজাপুরের বিভিন্ন স্থানে ইসলাম প্রচার (দিনের দাওয়াত) এবং পেনসিল, কাটার, টেস্টার ও তাতাল বিক্রি করার জন্য রাজাপুরে অবস্থান করছিলেন বলে গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশকে জানান। তাঁদের ওস্তাদ ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদের কুসুমবাগ গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে অধ্যাপক আবদুল মজিদ নামে এক ব্যক্তি। ওই ব্যক্তির নির্দেশেই তাঁরা ‘ইসলাম প্রচারে’ রাজাপুরে এসেছেন।ভোলার চরফ্যাশন থানার ওসি রিয়াজ হোসেন জানান, চরফ্যাশন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মজিদ (৬৫) ১৯৯৭ সালের ১৬ জুন ‘কলেমার দাওয়াত’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এ সংগঠনের কয়েকজন সদস্য ইতিপূর্বে বিভিন্ন স্থানে আটক হয়েছে। আবদুল মজিদের বিরুদ্ধে ভোলা সদর থানায় বিস্ফোরকদ্রব্য আইনে ২০০৫ সালের ২১ আগস্টে একটি মামলা হয়। এ মামলায় প্রায় দুই বছর কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। আবদুল মজিদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার কোনো রাজনৈতিক দল নেই। আমার অনুসারীরা দেশের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে কলেমার দাওয়াত পৌঁছে দেয়। কলেমার দাওয়াতের সঙ্গে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই।’ শিশুদের প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিভাবকেরাই ইসলাম প্রচারের জন্য তাঁদের সন্তানদের আমার কাছে রেখে গেছেন।’