জঙ্গি সন্দেহে বাউফলে গ্রেপ্তার ৭
জঙ্গি সন্দেহে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দর থেকে ‘কালেমার জামায়াত দল’ নামের একটি সংগঠনের চার শিশুসহ সাতজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের চার শিশুর পরিচয় জানা যায়নি। বাকি তিনজন হলেন হুমায়ুন কবির (৩৫), উম্মে কুলসুম (৩০) ও সালমা বেগম (৩০)। এঁদের মধ্যে হুমায়ুন কবির মেহেন্দিগঞ্জ উপজেলার দাতপুর গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে। সালমা বেগম তাঁর স্ত্রী। উম্মে কুলসুমের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা সদরে। তাঁর স্বামীর নাম সাহেদ সিরাজী।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ দিন আগে উপজেলার কালাইয়া বন্দরের সুন্দরী সিনেমা হল সড়কের মোকলেস মিয়ার বাসা ভাড়া নেন গ্রেপ্তারকৃত ব্যক্তিরা। এ বাসা থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় কালেমা জামায়াত নামের ওই সংগঠনটির কার্যক্রম পরিচালনা করেন তাঁরা। স্থানীয় লোকজন তাঁদের চলাফেরা ও কথাবার্তায় অসঙ্গতি দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ গিয়ে আজ রাত আটটার দিকে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত হুমায়ুন কবির পুলিশকে জানায়, তাঁদের মূল সংগঠনের কার্যালয় ভোলা জেলার চরফ্যাশনের কুলসুমবাগে। সংগঠনটির আমিরের নাম অধ্যাপক আবদুল মজিদ। তাঁরা কলেমা ও দ্বীনের দাওয়াত দিয়ে লোকজনকে ধর্মীয় কাজে উত্সাহিত করেন। তাঁরা কোনো জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নয়।
জানতে চাইলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, কালেমা ও দ্বীনের দাওয়াতের নামে কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকতে পারে সন্দেহে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।