জঙ্গি সন্দেহে রাজশাহীতে অভিযান, আটক ১
রাজশাহীতে জঙ্গি সন্দেহে গভীর রাতে আটতলা একটি বাড়ি ঘিরে রেখে অবশেষে একজনকে আটক করেছে পুলিশ। তাঁর কাছ থেকে প্রায় ১২ লাখ টাকা ও একটি ল্যাপটপ কম্পিউটার উদ্ধার করা হয়েছে। তাঁর স্ত্রী ও দুই শিশুকে ওই বাড়ির মালিকের জিম্মায় রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।
তদন্তের স্বার্থে পুলিশ তাঁর নাম-পরিচয় গোপন রেখেছে। নগরের দড়িখরবোনা এলাকায় স্ত্রী ও সন্তান নিয়ে ওই ব্যক্তি ভাড়া থাকতেন। তবে নিয়ম অনুযায়ী, রাজশাহী সিটি করপোরেশন এলাকার কোনো বাসায় উঠতে হলে ভাড়াটে তথ্য ফরম পূরণ করতে হয়। তিনি সেই ফরম পূরণ করেননি। বাসার মালিকের নাম অহিদুল ইসলাম। বাসাটি নতুন। চার মাস আগে সন্দেহভাজন ওই ব্যক্তি ভবনটিতে ওঠেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দিবাগত রাত ১১টার দিকে বিপুলসংখ্যক পুলিশ দাড়িখরবোনা এলাকার এই ভবন ঘিরে ফেলে। এরপর ভবনটির অন্যান্য তলার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। শুধু সাততলার একটি ফ্ল্যাটে বিদ্যুৎ স্বাভাবিক রাখে পুলিশ। এরপর সতর্কতার সঙ্গে ওই ভবনে ঢুকে সাততলার ওই ফ্ল্যাটে অভিযান চালায়। অভিযান চলাকালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের এলাকায় ভিড় জমায় সাধারণ মানুষ। রাত দেড়টা পর্যন্ত অভিযান চালানো হয়।
অভিযান শেষে সংবাদকর্মীরা বাড়ির সামনে অবস্থান নিলে ভবনের পেছনের ফটক দিয়ে আটককৃত ব্যক্তিকে নিয়ে বেরিয়ে যায় পুলিশ। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশের কর্মকর্তারা। এ সময় রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) এ কে এম নাহিদুল ইসলাম জানান, জঙ্গি সন্দেহে একজনকে আটক করা হয়েছে। স্ত্রীসহ তিনি ওই ফ্ল্যাটে থাকতেন। তবে তেমন বাইরে বের হতেন না। নিজে আউট সোর্সিংয়ের কাজ করেন বলে পুলিশের কাছে দাবি করেছেন। ফ্ল্যাট থেকে ১১ লাখ ৯০ হাজার টাকা ও একটি ল্যাপটপ কম্পিউটার উদ্ধার করা হয়েছে।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আনা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর সম্পর্কে একেবারে নিশ্চিত না হয়ে কিছু বলা ঠিক হবে না।