জঙ্গি সাইদুরের আসা-যাওয়া, সাক্ষী হাজির হয় না

সাইদুর রহমান জেএমবির প্রধান। এহসার সদস্য মো. হানিফ। চার বছর আগে এই দুই জঙ্গির বিচার শুরু হয়। আদালত সূত্র বলছে, চার বছরে তাঁদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে কমপক্ষে ২০ বার। অথচ সাক্ষী এসেছেন মাত্র দুজন। বাকি ২০ জন সাক্ষীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও তাঁদের আদালতে হাজির করা হয়নি। এঁদের মধ্যে ১০ জনই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্য।
২০০৮ সালে পল্লবীর একটি বাসা থেকে র্যাব-১০-এর সদস্যরা ১৮ কেজি বিস্ফোরকসহ হানিফকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় র্যাব-১০-এর ডিএডি শহীদুল ইসলাম বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন।
র্যাব-১০-এর এসআই মাজহারুল ইসলাম তদন্ত শেষে সাইদুর ও হানিফের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। সাক্ষী করেন ২২ জনকে। ঢাকার ৩ নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত দুজনের বিরুদ্ধে ২০১১ সালের ৬ এপ্রিল বিচার শুরু করেন। বিচার শুরুর পর আদালত থেকে সাক্ষীর বিরুদ্ধে প্রথমে সমন দেওয়া হয়। তারপরও সাক্ষী না আসায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বিচার শুরুর তিন বছর পর গত বছরের ২৭ মে দুজন সাক্ষ্য দেন। এরপর আর কেউ সাক্ষ্য দিতে আদালতে হাজির হননি।
এ ব্যাপারে জানতে চাইলে ওই আদালতের সরকারি কৌঁসুলি আসাদুজ্জামান রচি প্রথম আলোকে বলেন, সাক্ষীদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাঁর দাবি, সাক্ষী হাজির করানোর ব্যাপারে তাঁর চেষ্টার কোনো ঘাটতি নেই।
এ মামলায় গতকাল রোববার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। আসামি সাইদুর ও হানিফকে আদালতে আনা হয়। সাক্ষী না আসায় সাইদুরকে এজলাস কক্ষে তোলাই হয়নি। তবে হানিফকে এজলাস কক্ষে নেওয়া হয়। সাক্ষী না আসায় আদালত আগামী ২৩ অক্টোবর শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন। সেদিন সাক্ষীদের হাজির করার নির্দেশ দিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে র্যাব-১০–এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতুব্বর প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। এ ব্যাপারে খোঁজখবর নেব। সাক্ষীদের হাজির করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
এদিকে অন্য একটি মামলায় গতকাল আদালতে হাজির করা হয় হুজির শীর্ষ নেতা মুফতি হান্নানসহ কয়েকজন জঙ্গিকে। বিকেলে সাইদুর রহমান ও মুফতি হান্নানসহ ওই জঙ্গিদের একই প্রিজন ভ্যানে করে আদালত থেকে কারাগারে পাঠাতে দেখা যায়।