জঙ্গি সেজে হামলার ছক জেনেছিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট কেজি ওজনের প্রেশার কুকার বোমাটি বিস্ফোরণের পর পান্থপথের ‘হোটেল ওলিও’র দুটো দেয়াল ধসে পড়েছিল। সেই বোমাটি জনাকীর্ণ স্থানে বিস্ফোরিত 

হলে ভয়াবহ পরিণতি হতো বলে মনে করেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা।

‘অপারেশন আগস্ট বাইট’ নামের ওই অভিযানে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তারা জানান, এই হামলাকারীকে শনাক্ত করতে তাদের নেটওয়ার্কেই জঙ্গি সেজে ঢুকে পড়েছিলেন পুলিশের কর্মকর্তারা। বিশ্বাস অর্জন করতে জঙ্গিদের নির্দেশনা অনুসরণ করে কিছু কাজও করতে হয়েছে তাঁদের।

গত বছরের ১৫ আগস্ট শোক দিবসের কর্মসূচিতে হামলার উদ্দেশ্যে গত বছর রাজধানীর পান্থপথের হোটেল ওলিওতে উঠেছিলেন আত্মঘাতী জঙ্গি সাইফুল ইসলাম। তাঁকে পুলিশ শনাক্ত করলেও ধরতে পারেনি। আত্মঘাতী বোমায় নিজেকে উড়িয়ে দেন খুলনার ডুমুরিয়ার ২১ বছরের এই তরুণ। ওই মামলায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হলেও তদন্ত এখনো শেষ হয়নি।

কাউন্টার টেররিজমের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, এই হামলার মূল পরিকল্পনাকারী ঢাকার ধনাঢ্য পরিবারের ছেলে আকরাম হোসেন খান নিলয়। তিনি মালয়েশিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে পড়েছেন।

জঙ্গি নেটওয়ার্কে ঢুকে পড়া

দায়িত্বশীল একজন পুলিশ কর্মকর্তা বলেন, গ্রেপ্তার হওয়া এক জঙ্গির মাধ্যমে তাঁরা জঙ্গিদের অনলাইন চ্যাট নেটওয়ার্কে ঢুকে পড়েন। এই নেটওয়ার্কে প্রত্যেকের একটা ছদ্মনাম ছিল। শুধু চ্যাট গ্রুপটির মডারেটরই জানতেন আইডিগুলোর আসল পরিচয়। আগস্টের শুরুতে জানা যায়, চ্যাট গ্রুপের মডারেটর যাঁর কোড নাম ‘স্লেড উইলসন’, তিনি বড় একটা কিছু করতে চান। এরপর ওই গ্রুপে দিন-রাত নজরদারি শুরু হয়। প্রতিটি পোস্ট নিয়ে কর্মকর্তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকেন। পুলিশ কর্মকর্তারা যে আইডি থেকে নজরদারি করছিলেন, সেই আইডিটিকে বিশেষ একটি কাজের দায়িত্ব দেন মডারেটর। মিরপুরের একটি দোকানের ঠিকানা দিয়ে সেখান থেকে ভিডিও করা যায়, এমন ঘড়ি কিনতে বলা হয়। মডারেটর
বলে দেন, ঘড়ির দাম আনুমানিক আড়াই হাজার টাকা। সেই টাকাও রাজধানীরই একটি বিকাশ নম্বর থেকে কর্মকর্তাদের দেওয়া বিকাশ নম্বরে পাঠিয়ে দেওয়া হয়। জঙ্গিদের আস্থা অর্জন করতে একজন কর্মকর্তা মিরপুরে সেই দোকানে যান। জানা যায়, ঘড়িটির দাম চার হাজার টাকা। বাড়তি দামের কথা মডারেটরকে জানানো হলে কিছুক্ষণের মধ্যেই বাকি টাকা পৌঁছে যায়।

একদিন গ্রুপে বার্তা আসে ‘ইশতেহাদি’ (আত্মঘাতী) প্রস্তুত হয়েছে। ঢাকায় বড় হামলা হবে। ১০ আগস্টের দিকে পরিষ্কার হয় যে জঙ্গিরা ১৫ আগস্টে ধানমন্ডি ৩২ নম্বরে হামলা চালাতে চায়। কিন্তু পরিকল্পনার কিছুই তখনো জানা নেই। 

ওই কর্মকর্তা বলেন, ‘আমরা তখনো বুঝতে পারছি না কী হতে যাচ্ছে। তারা যে বড় হামলার ছক সাজাচ্ছে এসব বোঝা যাচ্ছে। কিন্তু সব তথ্য পরিষ্কার হওয়ার আগে অভিযান পরিচালনাও তো সম্ভব নয়। একপর্যায়ে কমান্ডারের কাছ থেকে ধানমন্ডি ৩২ নম্বরের আশপাশের জায়গাগুলো রেকি করে আসার নির্দেশ আসে। বলে দেওয়া হয় ৩২ নম্বর বাড়ির দুটো বাড়ি পরে একটি হাফ প্রাচীরঘেরা বাড়ি আছে। সে দিক দিয়ে পালানোর পথ কতটা উপযুক্ত, সেটি রেকি করতে হবে। জানানো হলো আত্মঘাতী হামলার সব প্রস্তুতি শেষ।

রাতের বেলায় এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের অনেকগুলো দল একসঙ্গে নামিয়ে দেওয়া হলো তল্লাশি করতে। রাত ১১টার পর জঙ্গিদের গ্রুপে আবারও সাহায্যের প্রস্তাব করলেন কর্মকর্তারা, জানতে চাওয়া হলো আত্মঘাতী ব্যক্তিটি ঠিক আছে কি না। জবাবে গ্রুপ মডারেটর বললেন ‘আত্মঘাতী ঘটনাস্থল থেকে মাত্র তিন মিনিটের দূরত্বে আছেন।’

রাত একটার দিকে নিউমার্কেট থানার একটি দল ওই হোটেলে গিয়ে বোমাসহ এক যুবককে শনাক্ত করেন।

কাউন্টার টেররিজমের কর্মকর্তারা বলেন, ‘পুলিশ একজনকে শনাক্ত করেছে এ খবর পাওয়ার পরও আমরা নিশ্চিত হতে পারছিলাম না। রাত দেড়টার দিকে জঙ্গিদের গ্রুপে মডারেটর বার্তা দেন আত্মঘাতী হামলাকারীর ঘরে পুলিশ হানা দিয়েছে।’