জঙ্গি হামলা করে সরকার হটানো যাবে না: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রদায়িক ও জঙ্গি হামলা করে সরকারকে হটানো যাবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বৃহস্পতিবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, জঙ্গি হামলার মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে ধ্বংস করতে চাইছে একটি চক্র। তাদের এই চক্রান্ত কখনোই বাস্তবায়িত হবে না। এসব সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ছাত্রলীগকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, ছাত্রলীগের নামে অপকর্ম, টেন্ডারবাজি ও চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। নিজেদের বিরুদ্ধে লড়াই বন্ধ করতে হবে। এমন ঘটনা ঘটলে অনেক দুঃখ লাগে। তিনি ছাত্রলীগকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান ও শপথবাক্য পাঠ করান।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, দেশের ভাষা আন্দোলন ও স্বাধীনতাযুদ্ধে এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিশেষ ভূমিকা পালন করেছেন। এই ছাত্রলীগের ঐতিহ্য ভালো কর্মকাণ্ডের মাধ্যমে ধরে রাখতে হবে।