জঙ্গি হামলা ঠেকাতে বিদ্যুৎকেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নসরুল হামিদ
নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জঙ্গি হামলা প্রতিরোধে দেশের বিদ্যুৎকেন্দ্র–গুলোতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা রয়েছে। পায়রা, মাতারবাড়ী, রামপাল ছাড়াও অন্য প্রকল্পগুলোতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
টাঙ্গাইল জেলা শহর মাঠে গতকাল শনিবার দুপুরে আয়োজিত ইয়ুথ ফেস্টিভ্যালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নসরুল হামিদ এসব কথা বলেন। তিনি বলেন, স্পর্শকাতর স্থাপনা হিসেবে বিদ্যুৎকেন্দ্রসহ অতি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আগে থেকেই নিরাপত্তাব্যবস্থা জোরদার ছিল। বর্তমান প্রেক্ষাপটে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। গত বছর থেকে বিদেশি নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করা হয়েছে।
এখন থেকে বাসাবাড়িতে নতুন করে কোনো গ্যাস-সংযোগ দেওয়া হবে না বলে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সবাইকে তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) ব্যবহারে উৎসাহিত করতে হবে। তিনি বলেন, ‘গ্যাসের আবাসিক সংযোগ বিষয়ে নিরুৎসাহিত করছি। এটা মোটামুটি বন্ধই করে দিয়েছি। এলপি গ্যাস প্রায় সারা দেশে পাওয়া যাচ্ছে। গ্যাস মহামূল্যবান, তাই এই গ্যাস শিল্পকারখানায় দিলে পণ্যের উৎপাদন কয়েক গুণ বেড়ে যায়। কর্মসংস্থানেরও সৃষ্টি হয়।’