জঙ্গি হামলা নিয়ে অস্ট্রেলিয়ার আশঙ্কার ভিত্তি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। ফাইল ছবি: প্রথম আলো
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। ফাইল ছবি: প্রথম আলো

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, বাংলাদেশে জঙ্গি হামলার বিষয়ে অস্ট্রেলিয়া যে আশঙ্কা করেছে, তার কোনো ভিত্তি নেই। আজ বুধবার সন্ধ্যায় রাজশাহীতে মহানগর পুলিশের আইনশৃঙ্খলাবিষয়ক সভা শেষে তিনি এ কথা বলেন।

পুলিশ প্রধান বলেন, ‘এ দেশে জঙ্গি হামলার তথ্যের ভিত্তি নেই। অস্ট্রেলিয়ার হাইকমিশনার অফিসের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (ডিএফএটি) কিসের ভিত্তিতে এই সতর্কতা জারি করেছে, তারাও তা জানে না। তবে দেশটির হাইকমিশনার জানিয়েছেন, তাঁদের দেশের নাগরিকদের সতর্ক করা রুটিন কাজ। কোনো জঙ্গি হামলার তথ্য তাঁদের কাছে নেই।’

অস্ট্রেলিয়া সরকারের ডিএফএটি গত শুক্রবার এক বার্তায় এ দেশে চলাচলকারী অস্ট্রেলীয় নাগরিকদের প্রতি সতর্কতা জারি করেছে।

ঢাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিখোঁজের বিষয়ে আইজিপি বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এখনো বলার মতো কোনো তথ্য নেই। মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান আছে বলে জানিয়েছেন তিনি।

সভায় পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন, মহানগর পুলিশ কমিশনার মাহাবুবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।