জঙ্গি হামলা নিয়ে সরকারে দুশ্চিন্তা
জঙ্গিদের হামলা এখনই থেমে যাবে, এমনটি কেউ আর মনে করছেন না। আর কত নিষ্ঠুরতা দেখতে হবে, তা নিয়ে দুশ্চিন্তা রয়েছে রাজনীতিবিদদের মধ্যেও।
গতকাল সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে, আগের দিন আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এবং গত শনিবার ১৪ দলের বৈঠকে একের পর এক হামলা ও সম্ভাব্য হামলা ঠেকাতে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
সরকার, সরকারি দলসহ ১৪ দলের গুরুত্বপূর্ণ এই তিনটি সভায় উপস্থিত থাকা কমপক্ষে ১০ জন নেতার সঙ্গে কথা বলে জঙ্গি হামলা ও মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে সরকারের মধ্যে অস্থিরতা লক্ষ করা যায়।
এ মুহূর্তে চাইলেও জঙ্গিবাদ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়—এই বাস্তবতা মেনে নিয়েছে সরকার। তবে যেসব প্রস্তুতি ও পদক্ষেপ সরকার নিচ্ছে, তাতে এ বছরের মধ্যে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশাবাদ সরকারের নীতিনির্ধারকদের। ২০১৯ সালের জাতীয় নির্বাচনের আগে যেকোনো মূল্যে এ বিষয়টি কঠোর-ভাবে নিয়ন্ত্রণ করতে চায় সরকার।
সরকারের নীতিনির্ধারক বিভিন্ন সূত্রের মতে, গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা, কথিত ভিডিও প্রকাশ করে আরও হামলার হুমকি এবং শোলাকিয়া ঈদগাহ ময়দানে হামলার পর জঙ্গিদের কর্মকাণ্ড নতুন করে পর্যালোচনা করছে সরকার। সোমবার সরকারের নীতিনির্ধারক পর্যায় থেকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিজেদের সতর্ক থাকা এবং অন্যদের সতর্ক করার পরামর্শ দেওয়া হয়েছে।
একাধিক মন্ত্রী গতকাল থেকে মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর, অধিদপ্তর ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পর্যায়ক্রমে ‘উদ্বুদ্ধকরণ সভা’ ডেকেছেন। এতে প্রত্যেককেই নিজ নিজ অবস্থান থেকে জঙ্গিবাদ মোকাবিলায় কাজ করতে বলছেন মন্ত্রী ও সচিবেরা।
সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক সূত্রের মত হচ্ছে, জঙ্গিবাদের শিকড় কতটা গভীরে, তা এত দিন রাজনীতিবিদ থেকে শুরু করে দেশের পুলিশ ও প্রশাসন আন্দাজ করতে পারেনি। এমনকি আত্মঘাতী হিসেবে তাদের আত্মপ্রকাশ নতুন আতঙ্ক তৈরি করেছে। একাধিক মন্ত্রী প্রথম আলোকে বলেন, এখন আইএস (ইসলামিক স্টেট) আছে কি নেই, সেই বিতর্কে না গিয়ে জঙ্গিবাদের শিকড় উপড়ে ফেলাটা গুরুত্বপূর্ণ বলে মনে করছে সরকার। জঙ্গিবাদের সঙ্গে ন্যূনতম সম্পৃক্ততা পেলে কাউকে ছাড় না দেওয়ার কঠোর সিদ্ধান্ত রয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত শনিবার প্রথম আলোকে বলেন, বাংলাদেশে তলে-তলে জঙ্গিরা এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে এসব তথ্য আর চেপে রেখে লাভ নেই। এখন এদের প্রতিরোধে জনগণকে কার্যকরভাবে সম্পৃক্ত করতে হবে।
একাধিক মন্ত্রীর মত হচ্ছে জঙ্গিগোষ্ঠী আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে পারে, এটা মাথায় রেখেই এগোতে হবে। যারা অন্যকে মেরে নিজে মরতে চায়, তাদের সামাল দেওয়াটা বেশ কঠিন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন গত রোববার প্রথম আলোকে বলেন, জঙ্গিবাদ যে এতটা গভীর, বিস্তৃত ও শক্তিশালী হয়েছে, তা পুলিশ ও প্রশাসন হয়তো জানত না। এখন জঙ্গিবাদ সমাজের ওপরতলায় আঘাত করছে। অতএব, সবারই টনক নড়ার কথা।
সরকারকে বেকায়দায় ফেলা: বর্তমান পরিস্থিতিতে জঙ্গিবাদের লক্ষ্য হয়ে উঠেছে সরকারের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করা। জঙ্গিরা যে ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে, তাতে তারা ধর্মীয় আদর্শের চেয়ে দেশি-বিদেশি কারও না কারও রাজনৈতিক স্বার্থে ব্যবহার হচ্ছে বলে সরকারের মূল্যায়ন।
জঙ্গি হামলার ঘটনাগুলো পর্যালোচনা করে দেখা যায়, আন্তর্জাতিকভাবে জঙ্গি হামলায় দল-মত, ধর্ম, দেশি-বিদেশি দেখা হয় না। কিন্তু এ দেশে বেছে বেছে ধর্মীয় সংখ্যালঘু, ব্লগার, লেখক ও বিদেশিদের হত্যা করা হচ্ছে।
সরকার মনে করছে, এর লক্ষ্য দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করা। তা করার জন্য সবচেয়ে কার্যকর পন্থা হতে পারে উন্নয়ন সহযোগী বিদেশিদের তাড়িয়ে দেওয়া।
বিদ্যমান পরিস্থিতিতে দেশের ভেতরে-বাইরে জঙ্গিদের মধ্যে যোগসূত্র স্থাপন হওয়ায় দমন করার কাজটা কঠিন হয়ে গেছে। তা ছাড়া আগে শুধুই নিম্নবিত্ত পরিবারের সন্তান বা মাদ্রাসাপড়ুয়ারা এ ধরনের কর্মকাণ্ডে যোগ দিলেও সাম্প্রতিক সময়ে উচ্চবিত্ত পরিবারের আধুনিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের সম্পৃক্ততা জঙ্গি কর্মকাণ্ডকে অন্য মাত্রা দিয়েছে।
যদিও সরকারের নীতিনির্ধারক বিভিন্ন সূত্র বলছে, মানবতাবিরোধী অপরাধের বিচারসহ বিভিন্ন কারণে দেশি-বিদেশি একটি চক্র সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ওই চক্রের সঙ্গে সরকারের রাজনৈতিক প্রতিপক্ষ ও যুদ্ধাপরাধীদের রাজনৈতিক দল একজোট হয়ে সরকারকে বেকায়দায় ফেলতে চায়। এ জন্য তারা জঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে।
সরকার যেভাবে জঙ্গিবাদ নির্মূল করতে চায়, সেটা সঠিক পথ নয় বলেও মনে করেন রাজনীতিবিদদের কেউ কেউ। দমননীতির মাধ্যমে এ ধরনের হতাশ ও ক্ষুব্ধ মানুষকে নিবৃত্ত করা যাবে না বলেও মত তাঁদের।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের মনে করেন, গণতন্ত্রের ঘাটতি, সুশাসনের অভাব, বৈষম্য, হতাশা ও ক্ষোভ থেকে উগ্রপন্থার বিকাশ ঘটেছে। এরা ধীরে ধীরে অন্যান্য দেশে বিভিন্ন কারণে গড়ে ওঠা চরমপন্থীদের সঙ্গে মিলে একটি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছে। এটা রাতারাতি ছিন্ন করা যাবে না।
জি এম কাদের মনে করেন, জঙ্গিদের আদর্শের প্রতি সরাসরি জনসমর্থন নেই। কিন্তু সরকার বিপদে থাকলে অনেকেই আবার খুশি হয়।
ঐক্যের নিষ্ফল আহ্বান: গুলশান হামলার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সব ভেদাভেদ ভুলে দলমত-নির্বিশেষে সন্ত্রাসবিরোধী ঐক্যের মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন। এর আগেও বিভিন্ন সময় জঙ্গিবাদ ইস্যুতে বিরোধী দল জাতীয় ঐক্যের আহ্বান জানায়।
এ আহ্বান অবশ্য সরকারি দলের পক্ষ থেকে প্রত্যাখ্যান করে বলা হয়েছে, জামায়াতের সঙ্গে সম্পর্ক ছেদ করলে বিষয়টি ভাবা যেতে পারে।
এর জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, এ ধরনের শর্ত আরোপ করায় এটা স্পষ্ট যে সরকার জাতীয় ঐক্য চায় না। তাঁর মতে, গণতন্ত্রই একমাত্র পথ, যার মাধ্যমে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলা করা সম্ভব। কিন্তু সরকার সেই পথে হাঁটতে চায় না।
রাশেদ খান মেনন অবশ্য মনে করেন, জামায়াতকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যের আলোচনা সত্যিই কঠিন। এটা অসম্ভব ব্যাপার।
‘নরম কর্মসূচি’ দিয়ে হবে না: বিদ্যমান সংকটে খণ্ড খণ্ড প্রতিবাদ, বিবৃতি ও মানববন্ধনের মতো ‘নরম কর্মসূচি’ এই অশুভ শক্তি মোকাবিলায় যথেষ্ট নয় বলে মনে করছেন রাজনীতিবিদদের অনেকেই।
১৪ দলের উদ্যোগে সন্ত্রাসবিরোধী কমিটি গঠন, সভা-সমাবেশ করা, বাম দলগুলোর ছোটখাটো মিছিল-সমাবেশ এই অশুভ কর্মকাণ্ড ঠেকানোর জন্য মোটেও যথেষ্ট নয় বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাসদের আহ্বানে ১০টি বাম ও ছোট দল গত ১৫ জুন মতবিনিময় সভা ডেকে পরিকল্পিত হত্যা ও সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় কিছু একটা করতে চাইলেও গত এক মাসে কিছুই করতে পারেনি। আর বিএনপির কর্মকাণ্ড সীমিত হয়ে পড়েছে সংবাদ ব্রিফিং ও বিবৃতি দেওয়ার মধ্যে।
ওবায়দুল কাদেরের মতে, মানুষকে সম্পৃক্ত করতে চাইলে ‘পজিটিভ অ্যাকশনে’ যেতে হবে। তাঁর মতে, বাঙালির জাতীয় চেতনা, ভাষা আন্দোলনের চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনা যাঁরা ধারণ করেন, তাঁদের সবার উচিত এ মুহূর্তে বঙ্গবন্ধুকন্যার পাশে দাঁড়িয়ে তাঁর হাতকে আরও শক্তিশালী করা।
সাবেক মন্ত্রী জি এম কাদের মনে করেন, সরকারের বিরুদ্ধে কেউ কথা বলতে পারছে না এবং গণতান্ত্রিকভাবে প্রতিবাদের সুযোগ নেই। সব পথ সংকুচিত হওয়ায় নতুন যে সংকট সৃষ্টি হয়েছে তা নিরসনে কঠোরতার পাশাপাশি সরকারের সমঝোতার মনোভাবও থাকা উচিত।