জঙ্গি হামলা প্রতিরোধে জাতীয় ঐক্যের আহ্বান

সারা দেশে গুপ্তহত্যা ও জঙ্গি হামলা প্রতিরোধে এবং শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও আলোচনা সভা করে সংগঠনটির পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়। ঈদুল ফিতরের দিন শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট: সকাল সাড়ে ১০টায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে ঘোষণাপত্র পাঠ করেন সুজন সিলেট চ্যাপ্টারের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী। ঘোষণাপত্রের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তাহমিনা ইসলাম, বাংলদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সিকন্দর আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি সৈয়দ মনির হেলাল, ব্র্যাক সিলেটের সমন্বয়কারী বিভাষ তরফদার, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সদস্য জাকিয়া জালাল, গণজাগরণ মঞ্চের সংগঠক কবি আবিদ ফয়সল প্রমুখ। ঘোষণাপত্রে বাংলাদেশের এ পরিস্থিতি থেকে উত্তরণে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়ে বলা হয়, এর জন্য দল-মতনির্বিশেষে সব অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তির ইস্পাত কঠিন ঐক্যের কোনো বিকল্প নেই।
জামালপুর: গতকাল দুপুর ১২টার দিকে শহরের দয়াময়ী চত্বরে সুজন জামালপুর জেলা কমিটির উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। সুজনের জেলা কমিটির সভাপতি অধ্যাপক মাসুম আলম খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সুজনের জেলা কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সদস্য আফছার আলী, আবু তালেব প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া: সুজন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়। সংগঠনটির ব্রাহ্মণবাড়িয়া জেলার ভারপ্রাপ্ত সভাপতি কবি আবদুল মান্নান সরকারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান, সাধারণ সম্পাদক এ কে এম শিবলী, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সরকার প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন মুক্তিযোদ্ধা আবু হুরায়রা।
কিশোরগঞ্জ: শোলাকিয়া এলাকায় ঈদের দিন জঙ্গি হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ ও সেক্টর কমান্ডারস ফোরাম মানববন্ধন করেছে। গতকাল দুপুরে শহরের কালীবাড়ি এলাকায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আসাদ উল্লাহর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এম এ আফজল, জেলা ন্যাপ (মোজাফফর) সভাপতি মোজাম্মেল হক খান রতন, সাংস্কৃতিক জোটের সভাপতি আবু খালেদ পাঠান, রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ নৌশাদ খান, জেলা মহিলা পরিষদের সভানেত্রী সুলতানা রাজিয়া প্রমুখ। জঙ্গি হামলায় নিহত দুই পুলিশ কনস্টেবল জহিরুল ইসলাম ও আনছারুল হক এবং গৃহবধূ ঝর্ণা রানী ভৌমিকের পরিবারকে জেলা আওয়ামী লীগ অর্থসহায়তা প্রদান করেছে। গতকাল দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কিশোরগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন খানের কাছে দুই পুলিশ কনস্টেবলের জন্য এক লাখ টাকা ও ঝর্ণার স্বজনদের কাছে ৫০ হাজার টাকা তুলে দেন।
শেরপুর: সকালে শ্রীবরদী পৌর শহরের চৌরাস্তা মোড়ে মানববন্ধন করে সুজন শ্রীবরদী উপজেলা শাখা। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জহুরুল হক মুন্সী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবদুস সালাম মুন্সী প্রমুখ। মানববন্ধনে বক্তারা ঢাকার গুলশানের আর্টিজান রেস্তোরাঁ ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গিদের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা জানান।