জঙ্গি হামলা মামলার বিচারে কোনো ছাড় নয়: আইনসচিব
জঙ্গি হামলা মামলার বিচারে কোনো ছাড় দেওয়া চলবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক। ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে জঙ্গি হামলায় নিহত জ্যেষ্ঠ সহকারী জজ জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহম্মেদের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত সোমবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।
ঢাকার মহানগর দায়রা জজ আদালত ভবনে জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহম্মেদ স্মৃতি মিলনায়তনে এ সভা হয়। আইনসচিব বলেন, ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে যারা হামলা করেছে তারা ইসলামের শত্রু। তিনি বলেন, বিচার বিভাগ এখন স্বাধীন। তারপরও দেখা যায়, জঙ্গি মামলাগুলো বছরের পর বছর ঝুলে থাকে। ভুলে গেলে চলবে না, দুই বিচারক জঙ্গি হামলায় নিহত হয়েছেন।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি, ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা, দুই বিচারক হত্যা, গুলশানের হলি আর্টিজানে এবং নাসিরনগরে সংখ্যালঘুদের ওপর হামলা—সব একই সুতায় গাঁথা।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম জঙ্গি হামলা-সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করার আহ্বান জানান। এস এম কুদ্দুস জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় আরও বক্তব্য দেন মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা, বিশেষ জজ আবু আহমেদ জমাদার, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার সৈয়দ আবু দিলজার হোসেন, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. শাহজাহান, আইন মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবার রহমান সরকার, মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান, মুখ্য বিচারিক হাকিম জেসমিন আরা বেগম প্রমুখ।