জঙ্গি হামলা মোকাবিলার কৌশল নিয়ে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিদের হামলা মোকাবিলার কৌশল ও কর্মপরিকল্পনা নিয়ে ১১টি জেলার পুলিশ সুপারসহ বাহিনীর বিভিন্ন আঞ্চলিক ইউনিটের প্রধানদের দিকনির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শফিকুল ইসলাম। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নগরের খুলশী এলাকায় ডিআইজি কার্যালয়ে মাসিক অপরাধবিষয়ক সভায় এই নির্দেশনা দেওয়া হয়।
সভায় অংশ নেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন ও কুসুম দেওয়ান। সভায় চট্টগ্রাম বিভাগের আওতাধীন ১১টি জেলার পুলিশ সুপার, রেলওয়ে, হাইওয়ে, এপিবিএনসহ বিভিন্ন ইউনিটের পুলিশপ্রধানেরা অংশ নেন।
ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, জঙ্গি দমনে আইজিপির দেওয়া বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়েছে সভায়।
এ বিষয়ে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নুরেআলম মিনা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বৈঠকে জঙ্গি মোকাবিলার সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে জঙ্গি দমন করা যায়, সে ব্যাপারে পরিকল্পনা ও দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে রাঙামাটি জেলা পুলিশ সুপার সাঈদ তারেকুল হাসান প্রথম আলোকে বলেন, ‘ডিআইজি স্যারের কার্যালয়ে প্রতি মাসে ক্রাইম কনফারেন্স হয়। এটিও ক্রাইম কনফারেন্স ছিল। কিন্তু সম্প্রতি জঙ্গিদের তৎপরতা আবার দেখা যাচ্ছে। তাই জঙ্গিবিরোধী অভিযান কীভাবে জোরদার করা যায়, সে বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে। তবে সিদ্ধান্তের বিষয়ে কিছু বলতে চাই না।’