জঙ্গি হামলার আশঙ্কায় সতর্ক থাকবে প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার সৈয়দপুর চকপাড়া আহমদিয়া মসজিদে বোমা বিস্ফোরণের পর এই উপজেলার দুই পৌরসভায় আজ নির্বাচনের দিন জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে। এ কারণে এখানকার ভোটকেন্দ্রগুলোতে কড়া দৃষ্টি রাখার কথা জানিয়েছে প্রশাসন।
ওই দুই পৌরসভা হলো ভবানীগঞ্জ ও তাহেরপুর। গত শুক্রবার আহমদিয়া মসজিদে বোমা বিস্ফোরণ ঘটে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খসড়া প্রতিবেদনেও রাজশাহী ও রংপুর অঞ্চলের ভোটকেন্দ্রে জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
রাজশাহী অঞ্চলের একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, জঙ্গি হামলার আশঙ্কার কথা জানিয়ে তাঁরা অনেক আগেই প্রতিবেদন দিয়েছেন। বাগমারা জঙ্গি-অধ্যুষিত এলাকা হওয়ায় এখানে আশঙ্কা বেশি।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে সতর্ক দৃষ্টি রয়েছে।
ভবানীগঞ্জের আলতাফ হোসেন, মিজানুর রহমান ও মাহফুজ আহমেদ এবং তাহেরপুরের আশরাফুল ইসলাম, জোনাব আলী, মিনতী রানীসহ ৪৬ জন ভোটার বলেন, ভোটকেন্দ্রে জঙ্গিরা হামলা করতে পারে। সৈয়দপুরের ঘটনার পর এ আশঙ্কা বেড়ে গেছে। এ কারণে তাঁরা সতর্কতার সঙ্গে ভোট দিতে যাবেন।
ভবানীগঞ্জের আশরাফুল ইসলাম ও তাহেরপুরের সাইফুল ইসলাম নামের দুজন শিক্ষক বলেন, বাগমারা এলাকা একসময় জঙ্গির অভয়ারণ্য ছিল। এরপর অনেক দিন জঙ্গি তৎপরতা ছিল না। আহমদিয়া মসজিদে বোমা বিস্ফোরণ তাঁদের আবার ভাবিয়ে তুলেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ভবানীগঞ্জের ৯ নম্বর ওয়ার্ডের অন্তত ৫০ জন ভোটার বলেন, তাঁরা এখানকার রাস্তার পাশে খোলা স্থানে আলহাজ সিরাজউদ্দির সরদারের আমবাগানে বসানো অস্থায়ী ভোটকেন্দ্রটির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। নিরাপত্তা নিয়ে আশঙ্কা রয়েছে সাদোপাড়া, চানপাড়া ও উত্তর একডালা কেন্দ্রেও।
তাহেরপুরের ভোটাররা বলেন, তাহেরপুর ফাজিল মাদ্রাসা ও জামলই মাদ্রাসা ভোটকেন্দ্র নিয়ে তাঁদের আতঙ্ক বেশি। এসব ভোটকেন্দ্রকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ‘গুরুত্বপূর্ণ’ (ঝুঁকিপূর্ণ) তালিকায় রেখেছে।
ওই দুই পৌরসভার কোনো মেয়র প্রার্থীই জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে মন্তব্য করতে চাননি। তবে ভবানীগঞ্জে বিএনপির প্রার্থী আবদুর রাজ্জাক প্রামাণিক সাদোপাড়া ও চানপাড়া কেন্দ্রে সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে সংশয় প্রকাশ করেন। নাম প্রকাশ না করার শর্তে ২৫ জন কাউন্সিলর প্রার্থী এ আশঙ্কার কথা জানিয়েছেন।
ভবানীগঞ্জে বিএনপির প্রার্থীর ক্যাম্প ভাঙচুর: ভবানীগঞ্জে বিএনপির মেয়র প্রার্থী আবদুর রাজ্জাক বলেন, গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ৮ নম্বর ওয়ার্ডের রাড়োপাড়া গ্রামে তাঁর নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। তারা ক্যাম্পের চেয়ার, টেবিলসহ অন্যান্য সামগ্রী ভাঙচুর করে। পরে ক্যাম্পসংলগ্ন একটি চায়ের দোকান থেকে তারা বিস্কুট লুট করে নিয়ে যায়। বিএনপির সমর্থকেরা ওই দোকান থেকে বিস্কুট কিনে খেয়ে থাকেন। নির্বাচন উপলক্ষে ওই দোকান বসানো হয়েছিল।
গতকাল সকালে সরেজমিনে ক্যাম্পে ভাঙচুরের দৃশ্য দেখা যায়।
বিএনপির সমর্থক ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জিল্লুর রহমান বলেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থীর লোকজন হামলা চালিয়ে এই ভাঙচুর করেছেন।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুল মালেক মণ্ডল বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না।
বাগমারা থানার ওসি মতিয়ার রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে কোনো অভিযোগ করা হয়নি।