জঙ্গি হামলার গুজব ছড়ালে ব্যবস্থা: ডিএমপি কমিশনার
জঙ্গি হামলার গুজব ছড়ানোকে ‘ফৌজদারি অপরাধ’ উল্লেখ করে তাতে কান না দেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
গতকাল বৃহস্পতিবার ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘একটি কুচক্রী মহল অসৎ উদ্দেশ্যে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট গুজব ছড়িয়ে জনগণের মনে ভীতি এবং আতঙ্ক তৈরি করছে। কখনো বলছে অমুক তারিখে হামলা হবে, কখনো বলছে ৪৮ ঘণ্টার মধ্যে জঙ্গি হামলা হবে, কখনো বলছে ৭২ ঘণ্টার মধ্যে জঙ্গি হামলা হবে। স্কুলে জঙ্গি হামলা হবে, রেস্টুরেন্টে জঙ্গি হামলা হবে, হোটেলে-মার্কেটে জঙ্গি হামলা হবে, শপিংমলে জঙ্গি হামলা হবে।’ তিনি বলেন, এ ধরনের গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা একটি ফৌজদারি অপরাধ। এ ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ করেন তিনি।
কমিশনার বলেন, গুজব রটিয়ে জনমনে আতঙ্ক তৈরি করে যারা দেশকে অশান্ত করতে চায়, দেশের দৃশ্যমান উন্নয়নকে ব্যাহত করতে চায়, তাদের খুঁজে বের করতে গোয়েন্দারা তদন্ত শুরু করেছেন। জঙ্গি হামলার গুজববিষয়ক যেকোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য অনুরোধও করেন তিনি। ‘দেশে কোনো ধরনের কোনো নিরাপত্তাঝুঁকি নেই’, বলেও মন্তব্য করেন তিনি।
গুলশানে এসি বাস ও ২০০ ভিন্ন ধরনের রিকশা চলবে: ডিএমপি কমিশনার বলেন, গুলশানের কূটনৈতিক পাড়াসহ বনানী-বারিধারা-নিকেতন এলাকা সিসি (ক্লোজড সার্কিট ক্যামেরা) টিভির আওতায় আনা হয়েছে। পুলিশ ২৪ ঘণ্টা সিসিটিভি পর্যবেক্ষণ করছে। গুলশানের ভেতর দিয়ে যেসব বাস ও রিকশা চলাচল করত, তা বন্ধ করে দেওয়া হয়েছে। গুলশান, বনানী ও বারিধারায় নানা রকম অলিগলি দিয়ে ঢোকার পথ বন্ধ করে দিয়ে সেখানে নিরাপত্তাচৌকি বসানো হয়েছে। এসব এলাকায় এ সপ্তাহের মধ্যে তিনটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস ও ভিন্ন রঙের ২০০ রিকশা নামানো হবে। ইতিমধ্যে দেশি-বিদেশি অফিস, রেস্তোরাঁ ও হোটেলে দৃশ্যমান নিরাপত্তা নেওয়া হয়েছে।