ঢাকার গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভুটানের সাবেক রাজা জিগমে সিঙ্গে ওয়াংচুক।
ভুটানের বর্তমান রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের বাবা সাবেক এই রাজা গতকাল রোববার বাংলাদেশের সফররত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে এক বৈঠকে এই শোক প্রকাশ করেন। র্যা বেন হাউসে সাবেক রাজার সঙ্গে রাষ্ট্রপতির এই বৈঠক হয়।
সাবেক রাজা জিম্মি-সংকট নিরসনে বাংলাদেশ সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রশংসা করেন।
বৈঠকে রাষ্ট্রপতি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভুটানের সহায়তা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশিদের হৃদয়ে ভুটানের জন্য বিশেষ স্থান রয়েছে। কারণ, ভুটানই স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়।
জাতীয় সংসদে বিবিআইএন এমভিএ বিল পাসের জন্য ভুটানের সাবেক রাজাকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এই পদক্ষেপ আঞ্চলিক সহযোগিতাকে গতিশীল করতে সহায়তা করবে।
বাংলাদেশের রাষ্ট্রপতি ও ভুটানের সাবেক রাজা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
মো. আবদুল হামিদ বাংলাদেশে ভুটানের রপ্তানি সহজতর করতে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে আশা প্রকাশ করেন, থিম্পুও বাংলাদেশের তৈরি পোশাক, সিরামিক, ওষুধ, পাট, চামড়াজাত ও সবজির মতো পণ্য ভুটানে বাজারজাতের পদক্ষেপ নেবে।