জঙ্গি হামলার প্রতিবাদে নোয়াখালীতে সমাবেশ
রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। গতকাল বুধবার শহরের টাউন হল মোড়ে প্রধান সড়কের পাশে এ কর্মসূচি পালন করা হয়।
গতকাল সকাল থেকে সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা টাউন হল মোড়ে সমবেত হতে থাকেন। বেলা ১১টায় মানববন্ধন শুরু হয়। আয়োজক সংগঠনের সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাসদ (মার্কসবাদী) জেলা শাখার আহ্বায়ক দলিলের রহমান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক শ্যামল কান্তি দে, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা শাখার আহ্বায়ক তারকেশ্বর দেবনাথ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা আহ্বায়ক মোবারক করিম, জেলা শিশু-কিশোর মেলার সংগঠক কাজী জহির উদ্দিন।
কর্মসূচিতে বক্তারা দল-মতনির্বিশেষে সবাইকে জঙ্গি-সন্ত্রাসীসহ সব অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।